‘বিয়ে এক ভয়ংকর অভিজ্ঞতা’, মন্তব্য করে তোপের মুখে ক্রিকেটার
ছবি: সংগৃহীত
১০:৪৪ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বৈবাহিক জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা নেতিবাচক মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার ইমাম-উল-হক। ব্যক্তিগত জীবন নিয়ে না জেনে উল্টাপাল্টা মন্তব্য না করতে নেটিজেনদের কড়া বার্তা দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
সম্প্রতি ইমাম তার একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি মজা করে লিখেছিলেন‘এই প্রজন্মের কাছে বিয়ে সত্যিই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা।’ মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের একটি বড় অংশ ধারণা করতে শুরু করেন যে, ইমামের সংসারে হয়তো বিচ্ছেদ বা বড় কোনো ঝামেলা চলছে। এমনকি অনেকে দাবি করেন, তিনি তার স্ত্রীকে আনফলো করে দিয়েছেন।

চারদিকে গুজবের ডালপালা ছড়ালে রোববার (৫ এপ্রিল) রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে সব কিছু পরিষ্কার করেন ইমাম। তিনি লেখেন, 'আপনারা আমার সেই পোস্টটিকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন। স্পষ্ট করে বলছি, আমার সাম্প্রতিক পোস্টটি ছিল সামাজিক মাধ্যমে আমাদের চারপাশের পরিস্থিতির ওপর একটি সাধারণ পর্যবেক্ষণ মাত্র। এটি আমার নিজের বিয়ে নিয়ে কোনো মন্তব্য ছিল না।'
নিজের বর্তমান অবস্থা জানিয়ে ৩০ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার আরও যোগ করেন, 'আলহামদুলিল্লাহ, আমার দিক থেকে সবকিছু একদম ঠিক আছে। পরের বার দয়া করে কোনো নিশ্চিত তথ্য ছাড়া অনুমান বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।'
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে অভিনেত্রী আনমোল মেহমুদকে বিয়ে করেন ইমাম। চলতি বছরের জানুয়ারিতে তাদের কোল আলো করে আসে কন্যা সন্তান ইনারা হক।
মাঠের পারফরম্যান্সেও ইমামের রেকর্ড বেশ উজ্জ্বল। ২০১৭ সালে অভিষেকের পর থেকে এ পর্যন্ত ২৬ টেস্ট, ৭৫ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলে ৪২.২৬ গড়ে মোট ৪৮৬০ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১২টি সেঞ্চুরির মালিক এই ব্যাটার বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন।
পিআর/এসএন