© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিসিবি ও অ্যাডহক কমিটি নিয়ে মুখ খুললেন বুলবুল

শেয়ার করুন:
বিসিবি ও অ্যাডহক কমিটি নিয়ে মুখ খুললেন বুলবুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৮ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে এই প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছেন বুলবুল।

এনএসসির তদন্ত প্রতিবেদনকে ‘ত্রুটিপূর্ণ ও আইনগতভাবে অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। নবগঠিক অ্যাডহক কমিটিকে ‘অসাংবিধানিক ও অবৈধ’ বলে অভিহিত করেছেন তিনি। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন বুলবুল।

সাবেক এই বিসিবি সভাপতির দাবি, গত ৫ এপ্রিল এনএসসির দেয়া তদন্ত প্রতিবেদন আইনগতভাবে কোনো ভিত্তি রাখে না। ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে বলেও স্পষ্টভাবে জানান তিনি।

এনএসসির তদন্তকে এখতিয়ারবহির্ভূত বলেও মন্তব্য করেন বুলবুল। তিনি বলেন, আইসিসির সংবিধান অনুযায়ী সদস্য বোর্ডগুলোকে সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত রেখে পরিচালিত হতে হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে হওয়া এই তদন্তকে তিনি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন।

তামিমের নেতৃত্বে হওয়া কমিটির বিষয়ে বুলবুলের ভাষ্য, ‘আমরা এই কমিটির কর্তৃত্ব স্বীকার করি না।’বিবৃতির শেষে আমিনুল সতর্ক করেন, সরকারের এই হস্তক্ষেপ বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। বিনিয়োগকারী ও আন্তর্জাতিক অংশীদারদের আস্থা নষ্ট হওয়া এবং তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ জানিয়ে আইসিসিকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানান সাবেক বিসিবি সভাপতি।

এসএন 

মন্তব্য করুন