চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার
ছবি: সংগৃহীত
১১:৩১ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপিকে সফর সম্পর্কে অবহিত করেন।
সফরকালে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা সংসদ ভবন এবং জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর ঘুরে দেখবেন। প্রতিনিধি দলটি সংসদের কার্যক্রমও পর্যবেক্ষণ করবে বলে আশা করা হচ্ছে।
সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এলএনজি সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি কৃষি ও জলবায়ু পরিবর্তন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও কথা বলেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই সফর নতুন সরকার গঠনের পর বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন গতি সঞ্চার করবে।
এসকে/টিকে