© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকার সিদ্ধান্ত আনচেলত্তির

শেয়ার করুন:
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকার সিদ্ধান্ত আনচেলত্তির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫২ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
মেয়াদ শেষ হওয়ার আগেই কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। আসন্ন বিশ্বকাপ তো বটেই, ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের সঙ্গেই থাকবেন এই ইতালিয়ান কোচ। দুই পক্ষের সম্মতিতেই সম্পন্ন হচ্ছে এই চুক্তিটি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে সাথে চুক্তি চূড়ান্ত করেছেন কার্লো আনচেলত্তি। ইএসপিএন ব্রাজিলের রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহের শুরুতে চুক্তির খসড়া আনচেলত্তির কাছে পাঠানো হয়েছে এবং এখন কেবল আনুষ্ঠানিক স্বাক্ষরের অপেক্ষা।



নতুন এই চুক্তিতে আনচেলত্তির বার্ষিক বেতন ধরা হয়েছে ১০ মিলিয়ন ইউরো (প্রায় ১৩০ কোটি টাকা), যা ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের যেকোনো কোচের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। আনচেলত্তির অনুরোধে তার সহকারী কোচ পল ক্লেমেন্ট, ফিটনেস কোচ মিনো ফোলকো এবং পারফরম্যান্স অ্যানালিস্ট সিমোন মোন্তানারোর বেতনও বাড়ানো হয়েছে।

চুক্তিটি মূলত দুই ভাগে বিভক্ত। শ্রম আইনের কারণে প্রথমে ২ বছরের চুক্তি এবং পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে আরও ২৪ মাসের নবায়ন। অর্থাৎ, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকছেন।

বর্তমানে আনচেলত্তি তার পরিবারের সাথে কানাডার ভ্যাঙ্কুভারে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি ডিজিটাল পদ্ধতিতে চুক্তিতে স্বাক্ষর করবেন।

গত মার্চে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ চলাকালীন সিবিএফ প্রেসিডেন্ট সামির সাউদের সাথে আনচেলত্তির চূড়ান্ত বৈঠক হয়, যেখানে তিনি মৌখিকভাবে সম্মতি দিয়েছিলেন।

আরআই/টিকে

মন্তব্য করুন