© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ফেবারিট বলে কিছু নেই’- লিভারপুল ম্যাচের আগে সতর্ক এনরিকে

শেয়ার করুন:
‘ফেবারিট বলে কিছু নেই’- লিভারপুল ম্যাচের আগে সতর্ক এনরিকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০২ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে পিএসজি ও লিভারপুল। দুই দলের বর্তমান ফর্ম যেন দুই মেরুর—একদিকে দুর্দান্ত ছন্দে পিএসজি, অন্যদিকে হতাশায় ডুবছে লিভারপুল। তাই অনেকেই এই লড়াইয়ে ফরাসি চ্যাম্পিয়নদের এগিয়ে রাখছেন। তবে এমন ধারণা একেবারেই মানতে নারাজ পিএসজি কোচ লুইস এনরিকে।

ইংলিশ জায়ান্ট লিভারপুল প্রিমিয়ার লিগে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যেই ১৫ ম্যাচে হেরেছে তারা, যা ২০১৪-১৫ মৌসুমের পর সর্বোচ্চ।

লিগ শিরোপার আশা আগেই শেষ হয়েছে, এর সঙ্গে লিগ কাপ ও এফএ কাপ থেকেও বিদায় নিয়েছে দলটি। সবশেষ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে স্লটের দল।

অন্যদিকে, দুর্দান্ত ছন্দে রয়েছে পিএসজি। লিগ ওয়ানে শীর্ষে থাকা দলটি দ্বিতীয় স্থানের চেয়ে চার পয়েন্ট এগিয়ে, তাও আবার এক ম্যাচ কম খেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ চার ম্যাচে ১৫ গোল করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে তারা।

এই প্রেক্ষাপটে বুধবার (৮ এপ্রিল) প্রথম লেগে নিজেদের মাঠে লিভারপুলকে আতিথ্য দেবে পিএসজি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, 'ফেবারিট নিয়ে আলোচনা করার কোনো মানে নেই। এই ধরনের ম্যাচ সবসময়ই কঠিন, দুই দলের জন্যই।'



লিভারপুলের কোচ আর্নে স্লটের প্রশংসাও করেন এনরিকে। তবে একইসঙ্গে সেমিফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী এই স্প্যানিশ কোচ। তিনি বলেন, 'আমরা জানি কাজটা কঠিন হবে, কিন্তু আমরা খুবই উজ্জীবিত এবং পরের রাউন্ডে যেতে চাই।'

গত মৌসুমের স্মৃতিও টেনে আনেন তিনি। তখন নকআউট পর্বে লিভারপুলকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল পিএসজি। এনরিকে বলেন, 'গত বছর সবাই লিভারপুলকে ফেবারিট বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত পিএসজিই এগিয়ে গিয়েছিল।'

সব মিলিয়ে, পরিসংখ্যান ও ফর্ম পিএসজির পক্ষে থাকলেও বড় ম্যাচে কোনো দলকেই এগিয়ে রাখতে নারাজ এনরিকে। ফলে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

টিজে/এসএন 

মন্তব্য করুন