© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধোনির প্রত্যাবর্তনের আশায় দিন গুনছে চেন্নাই

শেয়ার করুন:
ধোনির প্রত্যাবর্তনের আশায় দিন গুনছে চেন্নাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৩ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
চলমান আইপিএলে নিজেদের প্রথম জয়ের সন্ধানে আছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। রুতুরাজ গায়কোয়াড়ের অধিনায়কত্বে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। গত আসরে শেষ স্থানে থাকার পর, এবারের আসরেও সিএসকের পারফরম্যান্সে ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে।

টপ-অর্ডারের ব্যর্থতার পাশাপাশি দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে সাবেক অধিনায়ক ও আইকনিক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতি। ৪৪ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার কাফ ইনজুরির কারণে এবারের মৌসুমের প্রথম তিনটি ম্যাচ খেলতে পারেননি।

ভক্তরা ধোনির ফেরার অপেক্ষায় থাকলেও, তাদের জন্য আছে হতাশার খবর। ক্রিকবাজ এক প্রতিবেদনে দাবি করেছে, ধোনি প্রায় নিশ্চিতভাবেই সিএসকের আগামী ম্যাচেও খেলতে পারবেন না। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১১ এপ্রিল চেন্নাইয়ের এমএ চিদাম্বরম টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি তিনি মিস করতে পারেন।

প্রতিবেদন অনুযায়ী, ধোনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এবং পুরোপুরি ম্যাচ ফিট হতে অন্তত আরও এক সপ্তাহ সময় লাগবে। তবে সিএসকে আশা করছে, ১৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে তাকে দলে পাওয়া যেতে পারে।



ধোনি ছাড়াও, দক্ষিণ আফ্রিকার ব্যাটার দেভাল্ড ব্রেভিসের ইনজুরি নিয়েও কিছুটা চিন্তায় রয়েছে দল। তবে সিএসকের সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছেন, ব্রেভিসের অবস্থার উন্নতি হচ্ছে।

তিনি বলেন, 'এমএস এখন রিহ্যাবে আছে, কতদিন লাগবে সেটা বলা যাচ্ছে না। আমরা আশা করছি ব্রেভিস পরের ম্যাচে খেলতে পারবে, তবে সেটা তার উন্নতির ওপর নির্ভর করছে।'

এর আগে সিএসকের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, ব্রেভিস প্রায় সুস্থ হয়ে উঠেছেন এবং দিল্লির বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে।

ফ্লেমিং বলেন, 'আমরা আশা করছি সে পরের ম্যাচের জন্য ফিট থাকবে। আমাদের হাতে পাঁচ দিন সময় আছে। আমরা সতর্কভাবে এগিয়েছি, আশা করি এই সময়ের মধ্যে সে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। তাকে না পাওয়া বড় ক্ষতি, তবে তাকে ফেরত পাওয়ার অপেক্ষায় আছি।'

টিজে/এসএন 

মন্তব্য করুন