তামিমের বোর্ডে কোন দায়িত্বে থাকবেন কে?
ছবি: সংগৃহীত
১০:২৮ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই প্রথম বোর্ডসভায় হাজির হলেন তামিম ইকবাল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবারের এই সভায় স্ট্যান্ডিং কমিটি ঠিক করে ফেলেছে তামিমের নতুন বোর্ড।
সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম নিজেই জানিয়েছেন নতুন স্ট্যান্ডিং কমিটির সবার নাম। একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবারের বোর্ড সভায়।
স্ট্যান্ডিং কমিটি সাজানোর আগে মঙ্গলবারের প্রথম পরিচিতি সভায় মুখপাত্র হিসেবে ঠিক করা হয়েছিল তানজিল চৌধুরির নাম। তবে ব্যস্ততার কারণ দেখিয়ে এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তাই নতুন করে অন্য কাউকে মুখপাত্র বানানো হবে জানিয়েছেন তামিম।
ফলে বুধবারের সভার পর এডহক কমিটির প্রধান নিজেই সংবাদ সম্মেলনে কথা বলেছেন। এসময় তিনি জানিয়েছেন, সঙ্গত কারণবশত ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব আপাতত কাউকে দেওয়া হবে না। কোনো গুরুত্বপূর্ণ বিষয় সামনে এলে সেটি বোর্ড সভায় সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে সমাধান হবে।
এডহক কমিটির সদস্য সংখ্যা মাত্র ১১ জন। তবে বিসিবির স্ট্যান্ডিং কমিটির সংখ্যা ২৩টি। তাই সঙ্গত কারণেই একাধিক কমিটির দায়িত্ব নিতে হয়েছে তামিম ইকবাল, ফাহিম সিনহা, সালমান ইস্পানাহি, রাশনা ইমাম, ইসরাফিল খসরু ও সৈয়দ ইব্রাহিম আহমেদকে।
একনজরে বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটি-
* ওয়ার্কিং এন্ড ফ্যাসিলিটিজ কমিটি - তামিম ইকবাল
* গেইম ডেভেলপমেন্ট ও বিপিএল - ফাহিম সিনহা
* গ্রাউন্ডস কমিটি - রফিকুল ইসলাম বাবু
* বয়সভিত্তিক ক্রিকেট - তানজিল চৌধুরী
* মার্কেটিং ও ডিসিপ্লিন কমিটি - সালমান ইস্পাহানি
* নারী ক্রিকেট ও মেডিকেল কমিটি - রাশনা ইমাম
* ফাইন্যান্স ও ওয়েলফেয়ার - ইসরাফিল খসরু
* সিকিউরিটি ও টেন্ডার পারচেজ - সৈয়দ ইব্রাহিম আহমেদ
* টুর্নামেন্ট কমিটি - মিনহাজুল আবেদিন নান্নু
* লজিস্টিকস কমিটি - মির্জা ইয়াসির আব্বাস
* আম্পায়ার্স কমিটি - আতহার আলি খান
এসএস/টিএ