নাহিদ-শরিফুলের ব্যর্থতায় হায়দরাবাদ কিংসমেনের হার
ছবি: সংগৃহীত
০২:৪৪ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
পিএসএলে প্রথমবার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারলেন না নাহিদ রানা। বিবর্ণ চেহারায় হাজির হলেন শরিফুল ইসলামও। বাংলাদেশের দুই পেসারের ব্যর্থতার দিনে জ্বলে উঠলেন ইফতিখার আহমেদ। চাচাখ্যাত এই অলরাউন্ডের নৈপুণ্যে শেষ বলে জিতল পেশাওয়ার জালমি।
করাচিতে বুধবার রাতের ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে ৪ উইকেটে হারিয়েছে জালমি। আগে ব্যাট করে ১৪৫ রানে গুটিয়ে যায় পিএসএলের নতুন দল হায়দরাবাদ। জবাবে ম্যাচের একদম শেষ বলে গিয়ে জিতেছে বাবর আজমের দল।

তিন ম্যাচে জালমির এটি দ্বিতীয় জয়। বৃষ্টিতে ভেসে গেছে তাদের অন্য ম্যাচ। আর চার ম্যাচের সবকটি হেরেছে হায়দরাবাদ। ম্যাচে টস হেরে আগে ব্যাট করা হায়দরাবাদকে শুরুতে ধাক্কা দেন ইফতিখার। নিজের প্রথম দুই ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন অভিজ্ঞ অফ স্পিনার। মাত্র ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নবাগত দলটি।
পরে কুশল পেরেরা ৩৫ বলে ৫৮ ও মার্নাস লাবুশেন ২৭ বলে ২৭ রান করে কোনোমতে দলকে দেড়শর কাছে নিয়ে যান। শেষ দিকের ঘূর্ণি জাদুতে ৩২ রানে ৪ উইকেট নেন সুফিয়ান মুকিম। বাংলাদেশের পেসারদের মধ্যে ২ ওভারে ২১ রান দেন শরিফুল আর ৩ ওভারে ৩০ রান খরচ করেন নাহিদ।
রান তাড়ায় জালমির হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক বাবর আজম। এছাড়া কুশল মেন্ডিস ২৩ বলে ২৭ ও মাইকেল ব্রেসওয়েল ১৯ বলে করেন ২৫ রান।
শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। হুনাইন শাহর বলে ছক্কা ও চার মেরে দলকে জেতান ইফতিখার। তিনি ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।
আরআই/টিকে