© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসলামবিরোধী স্লোগান: স্প্যানিশ ফেডারেশনের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

শেয়ার করুন:
ইসলামবিরোধী স্লোগান: স্প্যানিশ ফেডারেশনের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হাইভোল্টেজ ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে উঠলো ইসলাম বিরোধী স্লোগান। ম্যাচ শুরুর আগে উগ্র সমর্থকদের এমন আচরণে স্তম্ভিত ফুটবল বিশ্ব। ২০৩০ বিশ্বকাপের সহ আয়োজক স্পেনের জন্য এ ঘটনা বড় উদ্বেগের কারণ। এর আগে মিশরের বিপক্ষে স্পেনের প্রীতি ম্যাচেও একই ধরণের ঘটনার জন্য তদন্ত শুরু করেছে ফিফা। যার কারণে শাস্তির মুখে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ ও ধর্মীয় বিদ্বেষের বিষবাষ্প যেন থামছেই না। সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-বায়ার্নের কোয়ার্টার ফাইনালের হাই ইনটেন্স ম্যাচ। তবে সব রোমাঞ্চ ঢাকা পড়ে গেল বিদ্বেষের কালো ছায়ায়। বায়ার্নের কাছে রিয়ালের হারের ক্ষতের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে গ্যালারির কিছু উগ্র সমর্থকের কর্মকান্ড।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোর খবর, ম্যাচ শুরুর আগে রিয়ালের কিছু সমর্থক ইসলাম বিদ্বেষী স্লোগান দেন, যেলাফাবে না, সে-ই মুসলিম। ক'দিন আগে মিশরের বিপক্ষে স্পেনের প্রীতি ম্যাচেও একই ধরনের স্লোগান দেয় কিছু স্প্যানিশ সমর্থক। সেই রেশ না কাটতেই এবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ সমর্থকদের এমন আচরণে শুরু হয়েছে সমালোচনা।



২০৩০ বিশ্বকাপের সহ আয়োজক স্পেন। ফিফা বিশ্বকাপকে বর্ণবাদবিরোধী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে স্বাগতিক দেশেই বারবার এমন ঘটনা, স্পেনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। রেফরি তার অফিসিয়াল রিপোর্টেও এই ঘটনার কথা উল্লেখ করেছেন, যা এখন ফিফার ডিসিপ্লিনারি কমিটির হাতে।

স্প্যানিশ গণমাধ্যমগুলো সতর্ক করে বলছে, পরিস্থিতির উন্নতি না হলে চড়া মাশুল গুণতে হতে পারে স্পেনকে। শুধু জরিমানা নয়, বড় শাস্তির মুখে পড়তে পারে রিয়াল মাদ্রিদ এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
ফুটবলকে বলা হয় ঐক্যের খেলা, কিন্তু স্পেনে সম্প্রতি উগ্রপন্থা ও জেনোফোবিয়া যে গভীর শেকড় গেড়েছে, এ ঘটনাই তার সবশেষ প্রমাণ। বর্ণবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বললেও বাস্তবে স্প্যানিশ ফুটবলে এর প্রতিফলন দেখা যাচ্ছে না।

গেলো দুই মৌসুমে অন্তত ১০টি আলাদা ঘটনায় বর্ণবাদী আচরণের শিকার হন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। গেলো সপ্তাহে ইসলাম বিদ্বেষী মন্তব্য নিয়ে মুখ খোলেন লামিন ইয়ামাল। এছাড়া এর আগে কিলিয়ান এমবাপ্পে এবং আনসু ফাতিও বিভিন্ন সময় গ্যালারি থেকে বিদ্বেষমূলক স্লোগানের মুখোমুখি হয়েছেন।

এদিকে স্পেন ও মিশরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কিছু দর্শকের ইসলাম বিদ্বেষী স্লোগানের প্রেক্ষিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলাভঙ্গ ও তদন্তের প্রক্রিয়া শুরু করেছে ফিফা। স্পেনের পুলিশও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। ফিফার তদন্তে প্রমানিত হলে বড় অঙ্কের জরিমানা কিংবা গ্যালারিতে দর্শক উপস্থিতির ওপর নিষেধাজ্ঞার মতো শাস্তির মুখে পড়তে হতে পারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে।

টিজে/এসএন 

মন্তব্য করুন