কোহলির সঙ্গে তুলনা বন্ধ করতে বললেন বাবর
ছবি: সংগৃহীত
০১:৩৭ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির নেতৃত্ব দিতে গিয়ে বাবর আজম হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ম্যাচে তিনি ৩৭ বলে ৪৩ রান করেন। তবে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেট হয়ে যাওয়ার পরও ইনিংস শেষ পর্যন্ত টেনে নিতে পারেননি বাবর।
এই নিয়ে আবারও প্রশ্ন উঠলে এক সাংবাদিক তাকে 'ম্যাচ শেষ করতে না পারা' প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। এমনকি বিরাট কোহলির সঙ্গে তার তুলনা টেনে বলা হয়, কোহলি যেখানে ম্যাচ শেষ করে দেন, সেখানে বাবরের ঘাটতি রয়েছে। এতে মোটেই খুশি হননি বাবর।
জালমি ও কিংসমেনের ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। কাগজে-কলমে ১৪৬ রানের লক্ষ্য সহজ মনে হলেও, বাবরের দল শেষ বলে গিয়ে লক্ষ্য অতিক্রম করতে সক্ষম হয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই তুলনা প্রসঙ্গে বাবর বলেন, 'এইসব কথা বন্ধ করুন। নিজের কাছে রাখুন। তুলনা বন্ধ করুন এবং সামনে এগিয়ে যান। এটা আপনার ভুল ধারণা যে আমি ম্যাচ শেষ করতে পারি না।'

পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হলেও, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে বাবর প্রায়ই সমালোচনার মুখে পড়েন। কখনও তার স্ট্রাইক রেট, আবার কখনও বড় রান তাড়া করার সময় দায়িত্ব নিতে না পারা, এসব বিষয় তাকে সমালোচকদের লক্ষ্যবস্তু বানিয়েছে।
চলতি পিএসএলে বাবর এখন পর্যন্ত দুই ম্যাচে ১২৬.১৫ স্ট্রাইকরেটে ৮২ রান করেছেন। বাউন্ডারির দিক থেকেও খুব একটা ঔজ্জ্বল্য ছড়াতে ব্যর্থ তিনি, এখন পর্যন্ত মেরেছেন মাত্র ১০টি চার ও ১টি ছয়।
টিজে/এসএন