শুভমান গিলকে বড় অঙ্কের জরিমানা করল আইপিএল কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত
১২:৫০ এএম | ১০ এপ্রিল, ২০২৬
বুধবারের গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরা। ১৭ ওভারের মধ্যেই দিল্লি ম্যাচ থেকে একপ্রকার ছিটকে পড়ে। শেষ ১৮ বলে তাদের দরকার ছিল ৪৫ রান, হাতে উইকেট ছিল ৪টি। ওই অবস্থা থেকে দিল্লিকে ম্যাচে ফেরান ডেভিড মিলার।
অরুট জেটলি স্টেডিয়ামে প্রোটিয়া ক্রিকেটারের ২০ বলে ৪১ রানে ভর করেও অবশ্য দিল্লি জিততে পারেনি। শেষ ২ বলে ২ রান তুলতে পারেনি তারা। ৪ উইকেটে গুজরাটের ২১০ রানের জবাবে হারে ১ রানে। প্রথম বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ তৈরি হলেও মিলার কুলদীপ যাদবকে স্ট্রাইক দিতে অস্বীকৃতি জানান। শেষ বলে আর সমীকরণ মেলাতে পারেননি।
গুজরাট শেষ ওভারটি বরাদ্দকৃত সময়ের মধ্যে শেষ করতে পারেননি, যে কারণে ৩০ গজের বাইরে ৪ জন ফিল্ডার রাখতে পেরেছিল। এই কারণে গুজরাট দলপতি শুভমান গিল পেলেন ১২ লাখ রুপি জরিমানা। আইপিএলের এক বিবৃতিতে গিলের শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গিল আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গ করেছেন। দ্বিতীয়বার একই কাজ করলে জরিমানা দ্বিগুণ হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিলকে জরিমানা করা হয়েছে। কারণ তার দল দিল্লির বিপক্ষে মন্থর ওভার রেট বজায় রেখেছিল।’ এতে আরও বলা হয়, ‘আইপিএলের আচরণবিধির ২.২২ নম্বর অনুচ্ছেদ ওভার রেট সংক্রান্ত অপরাধের সঙ্গে সম্পর্কিত। যেহেতু এটা তার দলের মৌসুমের প্রথম অপরাধ, তাই গিলকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’
কিছুদিন আগে একই ধরনের শাস্তি পেয়েছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আসরের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মন্থর বোলিং করার কারণে ১২ লাখ রুপি জরিমানা হওয়া অধিনায়ক শ্রেয়াসকে দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে একই কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়। এছাড়া একাদশের বাকি ১০ ক্রিকেটার এবং ইমপ্যাক্ট প্রিয়াংশ আর্যের প্রত্যেককে ৬ লাখ রুপি বা ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা করা হয়।
আইকে/টিকে