জামিনে মুক্তি পেলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা
ছবি: সংগৃহীত
০৫:৪৬ এএম | ১০ এপ্রিল, ২০২৬
জামিনে মুক্তি পেলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গতকাল বৃহস্পতিবার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেয় নেপালের সুপ্রিম কোর্ট। তবে তাকে নিয়মিত পুলিশের কাছে হাজিরা দিতে হবে।
তিনি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তাকে তার পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে জেন জিদের আন্দোলনের সময়ে প্রায় ৭৭ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল।
এই ঘটনায় অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে গত ২৮ মার্চ গ্রেফতার করা হয়েছিল ওলি ও লেখককে। ওলির জামিনের আবেদন প্রথমে খারিজ হয়েছিল এবং তার জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়। তবে ৭ এপ্রিল নেপাল সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছিল, তদন্তের জন্য আর ওলিকে হেফাজতে রাখার প্রয়োজন নেই এবং ৯ এপ্রিলের মধ্যে তাকে মুক্তি দিতে হবে।
পুলিশ ও সরকারি অ্যাটর্নি অফিসের সম্মতিতে তাকে জামিন দেওয়া হলো। তবে তার ও রমেশ লেখকের বিরুদ্ধে তদন্ত এখনো চলছে, তাই তাকে যে কোনো সময়ে হাজিরা দিতে হতে পারে।
সূত্র: ইন্ডিয়া টাইমস
আরআই/টিএ