শেষ ওভারের নাটকীয়তায় কলকাতাকে হারাল লক্ষ্ণৌ
ছবি: সংগৃহীত
০৭:৪৩ এএম | ১০ এপ্রিল, ২০২৬
ইডেন গার্ডেনে কলকাতার বিপক্ষে এক অবিশ্বাস্য জয় তুলে নিল লখনৌ সুপার জায়ান্টস। শেষ ৪ ওভারে লখনৌর দরকার ছিল ৫৪ রান, তবে তরুণ ব্যাটার মুকুল চৌধুরির ঝড়ো ব্যাটে শেষ বলে জয় পায় রিশভ পন্তের দল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিকরা। রাহানে (৪১) এবং রঘুবংশীর (৪৫) ব্যাটে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় কলকাতা। ক্যামেরুন গ্রিন (৩২*) এবং পাওয়েল (৩৯*) খেলেন ঝড়ো ইনিংস।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় চাপে পড়ে যায় লখনৌ সুপার জায়ান্টস। ১৫ ওভারে ৭ উইকেটে ১২৮ রান, জয়ের জন্য প্রয়োজন ছিল শেষ ২৪ বলে ৫৪ রান। সেখান থেকেই অবিশ্বাস্য এক লড়াই শুরু করেন মুকুল। ২৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসে তিনি হাঁকান ৭টি ছক্কা ও ২টি চার।
তার আগে দলের শুরুটা ভালো হলেও মাঝপথে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। মিচেল মার্শ, এইডেন মার্করাম ও অধিনায়ক রিশভ পন্ত দ্রুত বিদায় নেন। তবে ইম্প্যাক্ট বদলি আয়ুশ বাদোনি ৩৪ বলে ৫৪ রান করে দলকে লড়াইয়ে রাখেন।

শেষ দুই ওভারে সমীকরণ দাঁড়ায় ৩০ রান। ১৮তম ওভারে কার্তিক তিয়াগিকে টানা ছক্কা হাঁকান মুকুল। ১৯তম ওভারে ক্যামেরন গ্রিনের বিপক্ষে চার ও ছক্কায় ম্যাচ ফেরান তিনি।
শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। প্রথম বল থেকে এক রান নিয়ে স্ট্রাইক পান মুকুল। এরপর এক ছক্কা, দুই বল ডট—সমীকরণ নেমে আসে ২ বলে ৭ রানে। তখনই আরোরা’র ভুল ইয়র্কারকে শাস্তি দিয়ে বিশাল ছক্কা হাঁকান তিনি।
শেষ বলে ব্যাটে লাগাতে না পারলেও ‘বাই’ থেকে এক রান নিয়ে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে লখনৌ। দুর্দান্ত এই ইনিংস খেলেই ম্যাচসেরা হন ২১ বছর বয়সি মুকুল।
এসএস/এসএন