© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে পরাজয় হয়েছে নেতানিয়াহুর: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন:
ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে পরাজয় হয়েছে নেতানিয়াহুর: দ্য গার্ডিয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৬ এএম | ১০ এপ্রিল, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে কে হেরেছে বা কে জিতেছে- সেই প্রশ্ন এখন আলোচনার তুঙ্গে। তবে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সংঘাতে ভয়াবহ পরাজয় হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরাইলকে পুরোপুরি পাশ কাটিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইসরাইলের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল যুদ্ধ বলে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়িয়ে এবার নিজেদের বিছিয়ে রাখা জালেই ফেঁসে গেছে ইসরাইল। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান, সামরিক হুমকি আর কূটনৈতিক চাপ- সব মিলিয়ে যুদ্ধ বাঁধিয়ে দ্রুত জয় পাওয়ার ধূর্ত পরিকল্পনা করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বাস্তবে সেই যুদ্ধ প্রত্যাশা অনুযায়ী দ্রুত শেষ না হলেও, শেষ পর্যন্ত গড়িয়েছে এক অনিশ্চিত যুদ্ধবিরতির দিকে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে, ইরানে শাসন পরিবর্তনের পূর্বাভাস দিয়েছিলেন নেতানিয়াহু। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সেটিকে হাস্যকর বলে উড়িয়েও দিয়েছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হয়েছে।

এমনকি যুদ্ধবিরতির আগ মুহূর্তেও নেতানিয়াহু ট্রাম্পকে চাপ দিচ্ছিলেন সংঘাত চালিয়ে যেতে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে ওয়াশিংটন অনেকটাই তেল আবিবকে পাশ কাটিয়ে গেছে বলেই বিভিন্ন সূত্রে দাবি উঠেছে।

ইসরাইলের ভেতর থেকেই উঠছে তীব্র সমালোচনা। বিরোধী নেতা ইয়ার লাপিদ জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসরাইলের কার্যত কোনো ভূমিকাই ছিল না।

তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে, সেই চুক্তির ওপর ইসরাইলের কোনো ধরনের প্রভাবই ছিল না। তারা আপনাদের বোঝানোর চেষ্টা করবে যে, পর্দার আড়ালে ইসরাইলের ভূমিকা ছিল, নেতাদের সঙ্গে পরামর্শ করা হয়েছে, গভীর রাতে গোপন আলোচনা হয়েছে। এসবই সম্পূর্ণ ফাঁকা ও মিথ্যা কথা।

একই সুরে বামপন্থি নেতা ইয়ার গোলান এই যুদ্ধকে ইতিহাসের অন্যতম কৌশলগত ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন।

যুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দেয়া এবং পারমাণবিক কর্মসূচিতে বড় ধাক্কা দেয়া। কিন্তু বিশ্লেষকদের মত, বাস্তবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।

ইসরাইলি গণমাধ্যম ওয়াইনেট গ্লোবালের তথ্যমতে, ইরানের সঙ্গে মাত্র ৪০ দিনের যুদ্ধেই ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরাইল। এই যুদ্ধে ইরানের মোট ব্যয় হয়েছে প্রায় দুই হাজার কোটি মার্কিন ডলার। প্রতিদিন গড়ে প্রায় সাড়ে তিন হাজার কোটি ডলার খরচ হয়েছে যুদ্ধ পরিচালনায়।

এত খরচের পরও ইরানের শাসনব্যবস্থার উৎখাত করতে না পারায় নেতানিয়াহু সরকার বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মধ্যে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

টিজে/এসএন 

মন্তব্য করুন