© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএল খেলা হচ্ছে না হাসারাঙ্গার, স্থলাভিষিক্ত কে?

শেয়ার করুন:
আইপিএল খেলা হচ্ছে না হাসারাঙ্গার, স্থলাভিষিক্ত কে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৬ এএম | ১০ এপ্রিল, ২০২৬
চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন লখনৌ সুপার জায়ান্টসের (এলএসজি) শ্রীলঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার পরিবর্তে দ্রুতই অন্য খেলোয়াড় লখনৌ আনতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির ক্রিকেট পরিচালক টম মুডি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডেকে হাসারাঙ্গার পরিবর্তে লখনৌ দলে নেয়ার সম্ভাবনাই বেশি। উল্লেখ্য, লিন্ডে এখনও পর্যন্ত আইপিএলে কোনো ম্যাচ খেলেননি।

মুডি বলেন, ‘আমরা ধরে নিচ্ছি সে (হাসারাঙ্গা) আমাদের সঙ্গে যোগ দিতে পারবে না। তাই আমরা বিকল্প খুঁজছি এবং ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই তা ঘোষণা করা হবে।’



গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন হাসারাঙ্গা। জানা গেছে, আইপিএলে অংশ নিতে প্রয়োজনীয় ফিটনেস পরীক্ষাও তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের তত্ত্বাবধানে সম্পন্ন করতে পারেননি। এটা এনওসি পাওয়ার জন্য বাধ্যতামূলক ছিল।

গত নিলামে এলএসজি হাসারাঙ্গাকে ২ কোটি রুপিতে দলে ভেড়ালেও চোটের কারণে তিনি স্কোয়াডে যোগ দিতে পারেননি। এর আগে তিনি রাজস্থান রয়্যালস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন।

অন্যদিকে, জর্জ লিন্ডে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে, যেখানে চার ইনিংসে তিনি মাত্র একটি উইকেট পান। গত ১২ মাসে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও এসএ২০, দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট ও পিএসএলের মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়েছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৫০ ম্যাচে ২১৮ উইকেট নিয়েছেন লিন্ডে, তার ইকোনমি রেট ৭.৪২।

টিজে/এসএন 

মন্তব্য করুন