হরমুজ ইস্যুতে বিশ্ববাজারে বেড়ে গেল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত
১১:৫৮ এএম | ১০ এপ্রিল, ২০২৬
বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো সীমিত থাকায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নড়বড়ে যুদ্ধবিরতি এবং ইসরায়েলের লেবাননে অব্যাহত হামলা পরিস্থিতিকে আরো অস্থির করে তুলেছে। শুক্রবার ভোরে এশীয় বাজারে লেনদেনের শুরুতেই জ্বালানি তেলের দাম বাড়তে দেখা যায়।
জিএমটি সময় ১:০০ টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৭৫ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় প্রায় ০.৮৭ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের তেলের দামও ১ শতাংশের বেশি বৃদ্ধি পায়।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ব্যর্থ হচ্ছে। তিনি তেহরানকে সতর্ক করে বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচলের জন্য জাহাজ থেকে কোনো ধরনের টোল আদায় করা হলে তা মেনে নেওয়া হবে না।
পরিস্থিতি আরো জটিল করেছে সৌদি আরবের তেল স্থাপনায় সাম্প্রতিক হামলা। এতে দেশটির দৈনিক উৎপাদন প্রায় ৬ লাখ ব্যারেল কমে গেছে। পাশাপাশি পূর্ব-পশ্চিম পাইপলাইনের সক্ষমতাও ৭ লাখ ব্যারেল পর্যন্ত হ্রাস পেয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
সূত্র : আল জাজিরা
এসএস/এসএন