যুদ্ধবিরতি আলোচকদের অন-অ্যারাইভাল ভিসা দেবে পাকিস্তান
ছবি: সংগৃহীত
০৩:২৪ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
ইসলামাবাদে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণকারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে জানিয়েছেন, ইসলামাবাদ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ভ্রমণকারীদের ক্ষেত্রে সব এয়ারলাইনসকে ভিসা ছাড়াই বোর্ডিংয়ের অনুমতি দিতে নির্দেশনা দেয়া হয়েছে।পাকিস্তানে পৌঁছানোর পর সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা ইস্যু করা হবে বলেও জানান তিনি।
পাক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণকারীদের যাতায়াত সহজ করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর কূটনৈতিক আয়োজন নিশ্চিত করাই মূল লক্ষ্য।
পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ।
শনিবার (১১ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এখন বৈঠকের বিস্তারিত এজেন্ডাগুলো চূড়ান্ত করা হচ্ছে। এরই মধ্যে বৈঠকে সম্ভাব্য অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। তবে অংশগ্রহণকারীদের নামের তালিকায়ও পরিবর্তিন হতে পারে বলে মনে করা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারী পাকিস্তানের পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস-ইন্টেলিজেন্স (আইএসআই)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক প্রতিনিধিত্ব করতে পারেন।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে নেতৃত্ব দিতে পারেন দেশটির ভাইস প্রেসিডেনট জেডি ভ্যান্স। এছাড়া প্রতিনিধি দলে থাকতে পারেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, মার্কিন প্রতিনিধি দলে সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারও সম্ভবত উপস্থিত থাকতে পারেন।
আল জাজিরা বলছে, বৈঠকে ইরানের আলোচক দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এছাড়া প্রতিনিধিদলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি উপস্থিত থাকবেন।
এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরাইলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
এ ঘটনা আসন্ন আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে বলে হুঁশিয়ারি করেন ইরানের প্রেসিডেন্ট। মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে। ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টা পরেই ইসরাইল লেবাননে হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করেছে।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে এক রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। আগ্রাসনের জবাবে পাল্টা হামলার পাশাপাশি নিজেদের ঘরের উঠানের হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় ইরান।
এমআর/টিকে