কোন ঘোষণা ছাড়াই আবারও বাড়ানো হল বিশ্বকাপ টিকিটের মূল্য
ছবি: সংগৃহীত
০৪:১২ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
কোন আগাম ঘোষণা ছাড়াই বিশ্বকাপের জন্য টিকিটের নতুন ও আরও দামী স্তর যুক্ত করল ফিফা। আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইনগেলউডে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে সামনের সারির ক্যাটাগরি ১ আসনের জন্য টিকিটের দাম ৪,১০৫ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
গত সপ্তাহে ফিফা ম্যাচটির জন্য ক্যাটাগরি ১ টিকিটের সর্বোচ্চ মূল্য ২,৭৩৫ ডলার নির্ধারণ করেছিল। ফিফা কোন আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বিক্রয় ওয়েবসাইটে ফ্রন্ট ক্যাটাগরি ২ নামে একটি নতুন স্তর যুক্ত করেছে এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য উদ্বোধনী ম্যাচের জন্য এই টিকিটের দাম ১,৯৪০ থেকে ২,৩৩০ ডলার নির্ধারণ করেছে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬ শহরে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ হবে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা থেকে গত বছরের ৯ সেপ্টেম্বর টিকিটের ধরন ও বিভাগসমূহ সংক্রান্ত তথ্য দেয়া হয়েছিল। সেখানে উল্লেখ ছিল, সর্বোচ্চ মূল্যের আসন যা মূলত নিচের সারিতে অবস্থিত, সেই বিভাগ থেকে কিছু আসন প্রত্যাহার করা হচ্ছে। এতে ক্যাটাগরি ১ থেকে কিছু আসন ক্যাটাগরি ২তে নেয়া হবে।
এ বিষয় ফিফা গণমাধ্যমে কোন মন্তব্য করেনি। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা টরেন্টোতে ১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার উদ্বোধনী ম্যাচের জন্য ফ্রন্ট ক্যাটাগরি ১-এ ৩,৩৬০ ডলার পর্যন্ত মূল্যে আসন যুক্ত করেছে। শেষ ষোলোর খেলাগুলোর জন্য ফিলাডেলফিয়ায় ৯০৫ ডলার মূল্যের আসন যুক্ত করা হয়েছে।
গত সপ্তাহে ত্রুটি-বিঘ্নিত টিকিট বিক্রি পুনরায় শুরু করার সময় ফিফা বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ দর্শনী মূল্য বাড়িয়ে ১০,৯৯০ ডলার করেছে। ডিসেম্বরে টুর্নামেন্টের ড্রয়ের পর ফিফা যখন টিকিট বিক্রি করছিল, তখন এর মূল্য ছিল ৮,৬৮০ ডলার।
নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাইয়ের ম্যাচের জন্য ফিফার ক্যাটাগরি ২ টিকিটের দাম ছিল ৭,৩৮০ ডলার, যা আগের ৫,৫৭৫ ডলার থেকে বেড়েছে। ক্যাটাগরি ৩-এর দাম ছিল ৫,৭৮৫ ডলার, যা আগের ৪,১৮৫ ডলার থেকে বেড়েছে। বৃহস্পতিবার ফিফার টিকিট ওয়েবসাইটে ফাইনালের কোন টিকিটও মেলেনি।
এবি/টিএ
এবি/টিএ