পরিকল্পিত ‘বট বাহিনী’ ও সমালোচনা নিয়ে মুখ খুললেন মিঠুন
ছবি: সংগৃহীত
০৫:৪৯ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে নতুন করে বিসিবির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। এরপর জট খুলেছে ঢাকা লিগের। আগামী মাসেই শুরু হবে এই লিগ। এদিকে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনা চলছে বর্তমান বোর্ডকে ঘিরে।
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে নিয়েও চলছে সমালোচনা। এ নিয়ে আজ (শুক্রবার) তিনি বলেন, ‘এটা আসলে একটা পরিকল্পিত বিষয়, একটা বাহিনী-‘বট বাহিনী’ বলেও যেটার কথা কিছুদিন আগে শুনেছি। তামিম ভাই নিজেও এ বিষয়ে বলেছিলেন। তাদের দিয়ে পরিকল্পিতভাবে এসব কাজ করানো হচ্ছে।’
এসব পরিকল্পনা সফল হবে না বলেই বিশ্বাস তার, ‘তবে আমার মনে হয় না এটা সফল হবে। কারণ শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের আবেগের জায়গা হলো ক্রিকেট। তামিম ভাই প্রথম দিন সংবাদ সম্মেলনে এসেই বলেছিলেন, ক্রিকেটের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটি ফিরিয়ে আনাই তার প্রথম লক্ষ্য।’

ক্রিকেটারদের নিয়ে পরে মিঠুন বলেন, ‘আসলেই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ক্রিকেটারদের যে ভাবমূর্তি ছিল, এখন সেটা আগের জায়গায় নেই। আমরা বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি। সেখানে অনেকেই পুরো বিষয়টা না বুঝেই মন্তব্য করে বসে। কেউ একটা নেতিবাচক মন্তব্য করলেই অনেকে সেটা দেখে না বুঝেই আরেকটা নেতিবাচক মন্তব্য করে।’
তিনি বলে গেলেন, ‘কিন্তু সেই মন্তব্য কতটা যৌক্তিক, সেটি অনেকেই ভাবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের একটা চর্চা এখন দেখা যাচ্ছে। অনেকের কাছেই বিষয়টি পরিষ্কার যে এগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় না এই চেষ্টা সফল হবে। কারণ বাংলাদেশের মানুষ যতই কষ্ট পাক, দিন শেষে তারা আবার মাঠে আসে, খেলা দেখে, খেলোয়াড়দের সম্মান করে এবং তাদের সঙ্গে মিশতে চায়।’
এমআই/টিকে