© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবাননে ইসরায়েলি আগ্রাসনে ৬০০ শিশু হতাহত, ৩৯০০০০ বাস্তুচ্যুত: ইউনিসেফ

শেয়ার করুন:
লেবাননে ইসরায়েলি আগ্রাসনে ৬০০ শিশু হতাহত, ৩৯০০০০ বাস্তুচ্যুত: ইউনিসেফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২০ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
লেবাননজুড়ে ইসরায়েলের তীব্র বিমান হামলায় শিশুদের ওপর যে বিপর্যয় নেমে এসেছে, তাকে ‘ভয়াবহ ও অমানবিক’ বলে বর্ণনা করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পরিচালিত ভয়াবহ বোমাবর্ষণে লেবাননে অন্তত ৩৩ শিশু নিহত এবং আরও ১৫৩ জন আহত হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

ইউনিসেফ সতর্ক করে বলেছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এ পর্যন্ত লেবাননে প্রায় ৬০০ শিশু নিহত অথবা মারাত্মকভাবে আহত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

সংস্থাটির তথ্যমতে, চলমান যুদ্ধের কারণে লেবাননে বর্তমানে দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৯০ হাজারের বেশি শিশু রয়েছে, যাদের অনেককেই নিরাপত্তার খোঁজে দফায় দফায় এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াতে হচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের উদ্ধারের খবর পাওয়ার পাশাপাশি অনেক শিশুর নিখোঁজ হওয়া এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনাও ঘটছে। ঘরবাড়ি ও প্রিয়জনদের হারিয়ে এসব শিশু মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে বলে ইউনিসেফ উল্লেখ করেছে।

আন্তর্জাতিক মানবিক আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে সংস্থাটি জোর দিয়ে বলেছে যে, যেকোনো পরিস্থিতিতেই শিশুসহ সাধারণ বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক।

সূত্র: আল জাজিরা

এমআর/টিকে 

মন্তব্য করুন