© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে কঠোর আইন প্রস্তাব ভারত সরকারের

শেয়ার করুন:
রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে কঠোর আইন প্রস্তাব ভারত সরকারের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে বহুল পরিচিত চ্যানেল ‘দ্য দেশভক্ত’, যার সাবস্ক্রাইবার সংখ্যা ৬০ লাখেরও বেশি। চ্যানেলটির সঞ্চালক ভারতের আকাশ ব্যানার্জি। সাধারণত দেশি-বিদেশি রাজনীতি, অর্থনীতি এবং সমসাময়িক সংবাদভিত্তিক বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করেন তিনি। এ ধরনের কনটেন্টের ওপর এবার কঠোর নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করছে ভারতের সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টেক জায়ান্ট ফেসবুক, ইউটিউব এবং এক্সের মতো প্ল্যাটফর্মে সংবাদ ও সমসাময়িক বিষয় নিয়ে কাজ করা ইনফ্লুয়েন্সার ও পডকাস্টারদের নিয়ন্ত্রণের আওতায় আনতে ভারতের কেন্দ্রীয় সরকার নতুন এক প্রস্তাব দিয়েছে। মূলত অনলাইন সংবাদের নিয়ন্ত্রক কাঠামো আরও বিস্তৃত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত সপ্তাহে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দেশটির আইটি (তথ্যপ্রযুক্তি) নিয়মনীতিতে কিছু সংশোধনের প্রস্তাব দেয়। এর ফলে যারা নিবন্ধিত সংবাদ প্রকাশক নন, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ ও সমসাময়িক বিষয় নিয়ে কনটেন্ট শেয়ার করেন, তাদেরও এখন থেকে নিবন্ধিত সংবাদ মাধ্যমগুলোর মতো ‘আচরণবিধি’ মেনে চলতে হবে।

বিশেষজ্ঞদের মতে, এ পদক্ষেপের ফলে সাধারণ ব্যবহারকারী, স্বতন্ত্র সাংবাদিক ও পডকাস্টারদের সংবাদ সংক্রান্ত পোস্টের ওপর সরকারের নিয়ন্ত্রণ আরও বাড়বে। প্রস্তাব অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো যদি ‘সেফ হারবার’ সুরক্ষা (ব্যবহারকারীর পোস্ট করা কনটেন্টের জন্য আইনি দায়মুক্তি) বজায় রাখতে চায়, তবে তাদের সরকারি আদেশ ও নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে।

সরকারের এই প্রস্তাবিত সংশোধনী ডিজিটাল অধিকারকর্মী ও স্বতন্ত্র কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তাদের মতে, এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে রাষ্ট্রীয় সেন্সরশিপ বা সেন্সর আরোপের পথ সুগম হবে। একই সঙ্গে ভিন্নমতাবলম্বী ও সমালোচকদের লক্ষ্যবস্তু বানাতে এই নিয়মের অপব্যবহার হতে পারে বলেও তারা সতর্ক করেছেন।

সরকারের দাবি, এই সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইটি নিয়মগুলো আরও শক্তিশালী হবে এবং ভুয়া খবর, ঘৃণ্য বক্তব্য ও ডিপফেক মোকাবিলা করা সম্ভব হবে। এ বিষয়ে ১৪ এপ্রিলের মধ্যে জনসাধারণের মতামত চেয়েছে মন্ত্রণালয়। তবে সরকারের এই যুক্তিতে আশ্বস্ত হতে পারছেন না সমালোচকেরা। ‘দ্য দেশভক্ত’-এর সঞ্চালক আকাশ ব্যানার্জি বলেন, এই নিয়মগুলো ক্রিয়েটরদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করবে, যা তাদের ‘সেলফ-সেন্সরশিপ’ বা স্ব-আরোপিত সেন্সরশিপের দিকে ঠেলে দেবে।

তিনি আরও বলেন, ‘মজার বিষয় হলো, অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণের এত আইন থাকা সত্ত্বেও দেশে ঘৃণ্য বক্তব্য ও ভুয়া খবর কমেনি। উল্টো সরকারের সমালোচনামূলক পোস্টগুলো, এমনকি সেগুলো ব্যঙ্গাত্মক হলেও, ব্লক বা সরিয়ে দেওয়া হচ্ছে।’ তবে কর্তৃপক্ষ এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

গত মাসে আইটি আইনের ৬৯এ ধারায় দেওয়া সরকারি নির্দেশে এক্স প্রায় এক ডজন অ্যাকাউন্ট ব্লক করে দেয়, যাদের অধিকাংশই সরকারের সমালোচনা করে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার জন্য পরিচিত।

‘@Nehr_who?’ নামক এক্স অ্যাকাউন্টের মালিক কুমার নয়ন বিবিসিকে জানিয়েছেন, কোনো পূর্ব নোটিশ বা কারণ ছাড়াই তার প্রায় ২ লাখ ৪২ হাজার অনুসারীর অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশে তার অ্যাকাউন্টটি সচল হলেও ১০টি পোস্ট এখনো ভারতে ব্লক করে রাখা হয়েছে। এসব পোস্টের বেশিরভাগই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের সমালোচনা করে করা।
নয়ন প্রশ্ন তোলেন, ‘কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে না যে এই পোস্টগুলো জাতীয় নিরাপত্তা বা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি। এগুলো স্রেফ কৌতুকপূর্ণ পোস্ট, তাহলে সরকার কেন এগুলো সরাতে চায়?’

আদালতের আশ্রয় নেওয়ায় তার পরিচয় এখন প্রকাশ্য, যা নিয়ে তিনি নিরাপত্তার শঙ্কায় রয়েছেন এবং ইতিমধ্যে নিজের বাসস্থান পরিবর্তন করেছেন।
এদিকে, সাম্প্রতিক এক মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে যে,২০২১ সাল থেকে ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ও অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ার চাপ বাড়ছে।

ডিজিটাল অধিকারকর্মী নিখিল পাহওয়া বলেন, প্রস্তাবিত সংশোধনীগুলো সরকারের ‘গণ-সেন্সরশিপ অবকাঠামো’কে কেবল আরও শক্তিশালী করবে। ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত এক নিবন্ধে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের একটি পরিবর্তনের ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সহযোগ’ পোর্টালের ক্ষমতা বাড়ানো হয়েছে, যার মাধ্যমে স্বচ্ছতার অভাব থাকা সত্ত্বেও বিভিন্ন সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমকে কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে পারে।

২০২৬ সালের শুরুর দিকে আবারও আইটি বিধিমালা সংশোধন করা হয়, যেখানে সরকারি নির্দেশ পালনের সময়সীমা ৩৬ ঘণ্টা থেকে কমিয়ে মাত্র ৩ ঘণ্টা করা হয়। এর ফলে আইনি পর্যালোচনার সুযোগও সংকুচিত হয়ে পড়েছে।

পাহওয়া বলেন, ভারতের বাজার ধরে রাখতে প্ল্যাটফর্মগুলো নির্দেশ মেনে চলে। কিন্তু যাদের মতপ্রকাশ সীমিত করা হয়, তারা কোনো নোটিশ, শুনানি বা ব্যাখ্যা পান না। দ্রুত পরিবর্তনশীল এই নিয়ন্ত্রক কাঠামোর কারণে সরকার বা প্ল্যাটফর্ম, কাউকেই জবাবদিহির আওতায় আনা যায় না।
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণান অবশ্য এসব আইটি বিধিমালা ও নতুন প্রস্তাবের পক্ষে সাফাই দিয়েছেন। তিনি বলেন, তার মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা আইন ও সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বিবিসিকে বলেন, সংবাদ ও সমসাময়িক বিষয়গুলো এখন আর শুধু সংবাদ প্রকাশকদের মধ্যে সীমাবদ্ধ নেই, সাধারণ মানুষও এগুলো শেয়ার করছে। তাই সবকিছুর জন্য একটি সাধারণ নীতিমালা থাকা প্রয়োজন।

অন্যদিকে, সন্দীপ সিং @ActivistSandeep নামে এক ব্যক্তির ১ লাখেরও বেশি ফলোয়ার্সের এক্স অ্যাকাউন্ট গত মার্চ থেকে ব্লক করে রাখা হয়েছে। তিনি বলেন, মূলধারার গণমাধ্যমগুলো বিজেপি সরকারের প্রতি ‘পক্ষপাতদুষ্ট’ মনে হওয়ায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছিলেন।
সন্দীপের ভাষ্য, ‘আমি সত্যের পক্ষে। আমার অ্যাকাউন্ট বা পোস্ট ব্লক করে আমাকে থামানো যাবে না।’

কুমার নয়ন বলেন, আদালতের যাওয়ার সামর্থ্য সবার থাকে না। তিনি প্রশ্ন তোলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক দেশ, তাহলে এখানে নির্ভয়ে নিজের কথা বলা এত কঠিন হয়ে উঠল কেন?’

এসএ/টিকে

মন্তব্য করুন