হরমুজে জাহাজ জট, আটকা প্রায় ৩২০০ জাহাজ
ছবি: সংগৃহীত
১২:৫৯ এএম | ১১ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে পারাপারের অপেক্ষায় পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকা পড়ে আছে প্রায় ৩ হাজার ২০০টি জাহাজ। এর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘বাংলার জয়যাত্রা’ নামের জাহাজটিও রয়েছে বলে জানা গেছে।
ফক্স নিউজ শুক্রবার এক প্রতিবেদনে তথ্যটি জানায়।
এই বিশাল জাহাজ জটের মধ্যে ৮০০টি তেলবাহী ট্যাঙ্কার ও পণ্যবাহী কার্গো জাহাজ রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে প্রণালিটি দিয়ে যাতায়াতের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনার অপেক্ষায় প্রহর গুনছেন প্রায় ২০ হাজার নাবিক।
গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে দুই সপ্তাহের একটি পারস্পরিক যুদ্ধবিরতি ঘোষণা করার পর এই অচলাবস্থা নিরসনের সম্ভাবনা তৈরি হয়। ট্রাম্প জানিয়েছেন, দ্বিপাক্ষিক বিরোধের অধিকাংশ অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান হয়েছে এবং তেহরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফার প্রস্তাবটিকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করেছে ওয়াশিংটন।
মূলত ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করতে রাজি হওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে। বিনিময়ে ইরান তাদের ওপর কোনো হামলা না হওয়ার শর্তে তথাকথিত প্রতিরক্ষামূলক আক্রমণ বন্ধ রাখতে সম্মত হয়েছে।
এই সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার আমন্ত্রণে ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মুখোমুখি বৈঠকে বসার কথা রয়েছে। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, ইসলামাবাদে এই আনুষ্ঠানিক আলোচনা শনিবার থেকে শুরু হয়ে কয়েক দিন পর্যন্ত চলতে পারে।
এদিকে এই জাহাজ জটের মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ রয়েছে।
শুক্রবার হরমুজ প্রণালির কাছাকাছি এলেও পার হওয়ার অনুমতি মেলেনি।
জানা গেছে, এ দিন সকালের দিকে ইরান সরকারের কাছে প্রণালি পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। জাহাজটি ঘুরিয়ে ফের নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেছেন, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে।
তিনি আরো জানান, কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের চেষ্টা চলছে। জয়যাত্রা এখনো হরমুজের কাছাকাছি অবস্থান করছে।
পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত আরব আমিরাতের শারজার বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুদ আছে বলেও জানান তিনি।
সূত্র: ফক্স নিউজ
ইউটি/টিএ