© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান

শেয়ার করুন:
আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৮ এএম | ১১ এপ্রিল, ২০২৬
পাকিস্তান নৌবাহিনী উত্তর আরব সাগরে এক অভিযানের মাধ্যমে বিপদগ্রস্ত একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে সফলভাবে উদ্ধার করেছে। শুক্রবার (১০ এপ্রিল) ‘এমভি গোল্ড অটাম’ নামক জাহাজটি পাকিস্তানি উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জরুরি সংকেত পাঠালে এই উদ্ধার অভিযান শুরু হয়। 

যদিও ঠিক কী কারণে জাহাজটি বিপদে পড়েছিল তা কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়নি, তবে সংকেত পাওয়ামাত্রই পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি তাদের উদ্ধার সমন্বয় কেন্দ্র সক্রিয় করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

উদ্ধার অভিযানে ওই এলাকায় টহলরত পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস হুনাইন’ অংশ নেয়। নৌবাহিনীর বিশেষ দলগুলো তল্লাশি চালানোর পাশাপাশি আহত নাবিকদের প্রাথমিক চিকিৎসা প্রদান, জাহাজে অগ্নিনির্বাপণ এবং জাহাজটির প্রযুক্তিগত ত্রুটি নিরসনে কাজ করে। 

উদ্ধারকৃত নাবিকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও চীন, ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং ভিয়েতনামের নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের উন্নত চিকিৎসার জন্য করাচিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকেই তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন বলে জানা গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।


ইউটি/টিএ 

মন্তব্য করুন