রোনালদোকে লিগ জেতাতে রেফারির পক্ষপাত, অভিযোগ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের
ছবি: সংগৃহীত
০৪:২৭ এএম | ১১ এপ্রিল, ২০২৬
সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর এখন লিগ শিরোপা জয়ের অভিজ্ঞতা নিতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো। তেমন বড় কোনো ট্রফির জেতার স্বাদও পাননি আল নাসরের তারকা ফরোয়ার্ড। তবে এবার লিগ জেতার দারুণ সুযোগ হাতছানি দিচ্ছে পর্তুগিজ মহাতারকাকে।
সৌদি লিগে পয়েন্ট টেবিলে আপাতত রোনালদোর আল নাসরেরই আধিপত্য। তবে রোনালদোর ক্লাবকে নাকি ‘কারচুপি’ করে লিগ জেতানো হচ্ছে, এমন গুরুতর অভিযোগই তুললেন আল আহলির দুই ফুটবলার।
আল আহলির ফরোয়ার্ড ইভান টনি সৌদি প্রো লিগের রেফারিংয়ের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। আল আহলিতে তাঁর সতীর্থ ওয়েন্ডারসন গেলানো তো এককাঠি সরেস। ব্রাজিলিয়ান এই ফুটবলারের মতে, এই প্রতিযোগিতায় ‘একজন নির্দিষ্ট খেলোয়াড়কে’ শিরোপা জেতানোর প্রবণতা রয়েছে। আর সেই খেলোয়াড় হলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ২০২২ সালের ডিসেম্বর সৌদি লিগে আসার পর এখনও লিগ শিরোপা জেতা হয়নি যাঁর।
আল আহলির খেলোয়াড়রা মনে করছেন, বুধবারের আল ফাইহা-এর বিপক্ষে ১–১ গোলে ড্র হওয়া ম্যাচে তাদের অন্তত দুটি পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। এই ড্রয়ের পর দলটি পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে গেছে। ২৮ ম্যাচ শেষে ক্লাবটির সংগ্রহ ৬৬ পয়েন্ট। দুইয়ে থাকা আল হিলালের পয়েন্ট ৬৮। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল নাসরের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে তারা।

ম্যাচের পর গ্যালেনো এক্স-এ লিখেন, ‘ট্রফি দিয়ে দাও, এটাই তারা চায়। আমাদের যেকোনোভাবে চ্যাম্পিয়নশিপ থেকে সরিয়ে দিতে চায়, ট্রফিটা একজনের হাতে তুলে দিতে চায়—এটা আমাদের ক্লাবের প্রতি চরম অসম্মান।’ কে এতে সুবিধা পাচ্ছে- এমন প্রশ্নে টনি সরাসরি কোনো ক্লাবের নাম না নিলেও বলেন, ‘আমরা জানি কে। আমরা কাকে ধরার চেষ্টা করছি?”
ইংল্যান্ড জাতীয় দলের ফরোয়ার্ড ইভান টনি চলতি মৌসুম সৌদি প্রো লিগের গোল্ডেন বুট জেতার দৌড়ে শীর্ষে আছেন্। ২৬ ম্যাচে তাঁর গোলসংখ্যা ২৭। আল ফাইহার বিপক্ষে তাদের পেনাল্টির আবেদন ভিএআর রিভিউয়ের পরও বাতিল হওয়ায় বেশ হতাশ হয়েছেন টনি, ‘সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ওই দুটি পেনাল্টি। এটা একদম পরিষ্কার। আমি বুঝতে পারছি না, ও কীভাবে বলটি হ্যান্ডল করত? দুই হাতে তুলে নিলে কি তখন পেনাল্টি দিত? দেবে কি দেবে না?’
টনি যোগ করেন, ‘এরপর যখন আমরা রেফারির সঙ্গে কথা বলতে গেলাম, তিনি বললেন, “এএফসি-তে (এশিয়ান ফুটবল কনফেডারেশন চ্যাম্পিয়নস লিগ) মন দাও।” একজন রেফারি কীভাবে এটা বলতে পারে?’
আল আহলির ফরোয়ার্ড আরও বলেন, ‘আমি চাইলে আরও গভীরে যেতে পারি, কিন্তু এতে সমস্যায় পড়তে পারি। আমি এমন একজন মানুষ, যে যা সত্য সেটা সরাসরি বলে।’
নিজ দলের শিরোপা জেতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে টনি বলেন, ‘আমরা এগিয়ে যাব, যা করার তাই করব, আশা করি কিছু ন্যায্য সিদ্ধান্ত পাব। যদি ভালো রেফারি থাকে, আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারব এবং সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে গেলে আমাদের ভালো সুযোগ থাকবে। কিন্তু এমন পরিস্থিতিতে সবসময়ই কাজটা কঠিন হয়ে যায়।’
সর্বশেষ ২০১৮–১৯ মৌসুমের পর থেকে আর সৌদি প্রো লিগ শিরোপা জিততে পারেনি আল নাসর। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রোনালদো ছাড়াও একগাদা তারকা ফুটবলারকে দলে ভিড়িয়েও লিগ শিরোপার দেখা পায়নি ক্লাবটি। আগামীকাল আল ওখদুদের মুখোমুখি হবে রোনালদোর দল।
আইকে/টিকে