মুম্বাই থেকে ফিরেই রাহুলের বাড়িতে জিৎ, তবু কেন কটাক্ষের শিকার সুপারস্টার?
ছবি: সংগৃহীত
১১:০২ এএম | ১১ এপ্রিল, ২০২৬
টলিউড অভিনেতা জিৎকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে তাঁর সাক্ষাৎকে কেন্দ্র করে। সম্প্রতি রাহুলের মায়ের সঙ্গে জিতের একান্ত সাক্ষাৎ এবং সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।
জানা গেছে, রাহুলের মৃত্যুর সময় কলকাতায় উপস্থিত ছিলেন না জিৎ। এমনকি শিল্পী সংগঠনের বৈঠকেও তিনি ছিলেন না বলে খবর। পরে শুক্রবার কলকাতায় ফিরে তিনি সরাসরি রাহুলের বিজয়গড়ের বাসায় গিয়ে তাঁর শোকাহত মায়ের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান।
তবে এই মানবিক উদ্যোগের মাঝেই বিতর্কের সূত্রপাত হয় মূলত সেই সাক্ষাতের দৃশ্য ধারণ এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে। ভিডিও ও ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। একাংশের মতে, এটি নিছকই সহানুভূতির প্রকাশ, অন্যদিকে অনেকেই এটিকে অপ্রয়োজনীয় প্রচারের অংশ হিসেবে দেখছেন।

এই ঘটনার প্রেক্ষিতে বাচিক শিল্পী ও অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় প্রকাশ্যে সমালোচনা করেন। তাঁর বক্তব্যে উঠে আসে শোকের মুহূর্তে ক্যামেরার উপস্থিতি এবং প্রচারমূলক উপস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। তিনি মনে করেন, এমন পরিস্থিতিতে আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল।
অন্যদিকে জিতের অনুরাগীদের একাংশ এই সমালোচনাকে ভালোভাবে নেয়নি। তাঁদের মতে, একজন সহকর্মীর পরিবারের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে মানবিক দৃষ্টান্ত। তবে সমালোচকদের মতে, শোকের পরিবেশে ছবি ও ভিডিও প্রকাশ পরিস্থিতিকে আরও বিতর্কিত করেছে।
সব মিলিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণকে ঘিরে যেখানে শোকের আবহ থাকার কথা, সেখানে এই নতুন বিতর্ক টলিউড মহলে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া ও বিভাজন।
পিআর/টিএ