করাচি কিংসকে চার উইকেটে হারাল হায়দরাবাদ
ছবি: সংগৃহীত
০৩:৩৩ এএম | ১২ এপ্রিল, ২০২৬
নিজেদের মাঠে হায়দরাবাদ কিংসমেনের কাছে চার উইকেটে হেরেছে করাচি কিংস। শনিবার (১১ এপ্রিল) টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি করাচি। এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন সাদ বেইগ। মাঝে মঈন আলীর ১৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রানের সংগ্রহ পায় করাচি। জবাব দিতে নেমে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ কিংসমেন।
১৮৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে হায়দরাবাদ। অধিনায়ক মার্নাস লাবুশেন ও মাজ সাদাকাতের উদ্বোধনী জুটি থেকে আসে ৩৬ রান। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে লাবুশেন আউট হলে ভাঙে তাদের জুটি। খুশদিল শাহ’র বলে আব্বাস আফ্রিদির হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১০ বলে ২৬ রান।
দ্বিতীয় উইকেট জুটিতে উসমান খানকে নিয়ে বড় জুটি গড়েন মাজ সাদাকাত। দুজনে মিলে যোগ করেন ৩১ বলে ৬০ রান। দলীয় ৯৬ রানের মাথায় উসমান খান ফিরলে ভাঙে তাদের জুটি। পরের ওভারেই ফেরেন সাদাকাত। অ্যাডাম জাম্পার বলে খুশদিলের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৭ রান।
এরপর ৩৪ রান তুলতেই সাইম আইয়ুব, গ্লেন ম্যাক্সওয়েল ও কুশল পেরেরার উইকেট হারায় হায়দরাবাদ। সেখান থেকে জুটি বাঁধেন ইরফান খান ও হাসান খান। দুজনে মিলে ২৪ বলে ৫০ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন। ইরফান ২০ বলে ২৯ ও হাসান ১৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। করাচির হয়ে আব্বাস আফ্রিদি নেন ২ উইকেট। এছাড়া হাসান আলী, খুশদিল শাহ, অ্যাডাম জাম্পা ও সালমান আলী আগা নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় করাচি। স্কোরবোর্ডে ২ রান যোগ হতেই রিজা হেনড্রিক্স-এর উইকেট তুলে নেন মোহাম্মদ আলী। দ্বিতীয় উইকেট জুটিতে মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে ২৮ বলে ৪৫ রান যোগ করেন সালমান আলী আগা। ৪৭ রানের মাথায় ফেরেন সালমান, ১৬ বলে ২৪ রান করে হুনাইনের বলে সাদাকাতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
দলীয় ৫৯ রানের মাথায় মোহাম্মদ ওয়াসিম ফেরেন ১৯ বলে ২৫ রান করে। চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন সাদ বেইগ ও আজম খান। দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৪৩ বলে ৬১ রান। ১২০ রানের মাথায় আজম খান ফিরলে ভাঙে এই জুটি।
এরপর সাদের সঙ্গে জুটি বেঁধে ব্যাট হাতে ঝড় তোলেন মঈন আলী। ১৭৫ রানের মাথায় মোহাম্মদ আলীর বলে লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন করাচির অধিনায়ক। ফেরার আগে মঈন আলীর ব্যাট থেকে ১৬ বলে ৪৪ রান। এরপর ৩৭ বলে ৫৩ রান করা সাদ ফেরেন রিটায়ার্ড আউট হয়ে।
২ বলে কোনো রান না করেই ফেরেন আব্বাস আফ্রিদি। খুশদিল শাহ ফেরেন ৬ বলে ৭ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রানের সংগ্রহ পায় করাচি কিংস। হায়দরাবাদের হয়ে হুনাইন শাহ নিয়েছেন ৩ উইকেট। এছাড়া মোহাম্ম আলী ২টি ও মার্নাস লাবুশেন নিয়েছেন ১টি উইকেট।
টিজে/টিএ