পিএসএল থেকে ছিটকে গিয়ে কী বললেন ইমন?
ছবি: সংগৃহীত
০৯:৩৮ এএম | ১২ এপ্রিল, ২০২৬
ইনজুরির কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন বাংলাদেশের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। হঠাৎ এমন বিদায়ে ভেঙে পড়লেও ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
লাহোর কালান্দার্সের হয়ে এবারই প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন ইমন। কিন্তু চোট তার স্বপ্নযাত্রাকে থামিয়ে দিল মাঝপথেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এইভাবে পিএসএল অভিযান শেষ হয়ে যাওয়ায় তিনি ভীষণভাবে ভেঙে পড়েছেন।
নিজের ফেসবুকে ইমন লেখেন, ‘প্রিয় কালান্দার্স ভক্তরা, ইনজুরির কারণে আমার পিএসএল যাত্রা শেষ হয়ে গেছে। এটা আমাকে সত্যিই ভীষণ কষ্ট দিচ্ছে। এই সুযোগটা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম এবং মনে হচ্ছিল ধীরে ধীরে নিজের ছন্দে ফিরছি। কিন্তু আল্লাহই সবচেয়ে ভালো জানেন, তিনিই সেরা পরিকল্পনাকারী।

তিনি আরো বলেন, ‘এটাই ছিল আমার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞতা, এবং এই দলের মধ্যে কালান্দার্স পরিবারের অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। আপনাদের বিশ্বাস ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। এই মৌসুমে আপনাদের সঙ্গে যাত্রাটা চালিয়ে যেতে না পারায় আমি দুঃখিত। আমি দূর থেকেই দলের ছেলেদের খেলা দেখব এবং তাদের সমর্থন করে যাব ‘
সবশেষে তিনি লিখেন, ‘ইনশাআল্লাহ, খুব শিগগিরই আবার দেখা হবে। দিল সে… কালান্দার্স।’
প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাওয়া পারভেজ লাহোরের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। প্রথম দুই ম্যাচে অল্প রানে আউট হলেও তৃতীয় ম্যাচে খেলেছেন ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস। সব মিলিয়ে ৩ ইনিংসে ৭১ রান করেছেন ১৬১.৩৬ স্ট্রাইক রেটে।
এমআই/টিকে