© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলফাজকে বরখাস্ত করল মোহামেডান, নতুন কোচ কে

শেয়ার করুন:
আলফাজকে বরখাস্ত করল মোহামেডান, নতুন কোচ কে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৮ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
গত মৌসুমে আলফাজ আহমেদের কোচিংয়ে বাংলাদেশ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই মোহামেডান এবার অনেক আগেই শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েছে। সর্বশেষ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হেরে পয়েন্ট তালিকার সাতে নেমে গেছে।

দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের নেতিবাচক প্রভাবটা কোচ আলফাজের ওপরই সবার আগে পড়ল।

তাকে বরখাস্ত করল মোহামেডান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিকে আলফাজকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানিয়েছে দেশের অন্যতম সফল এই ক্লাব।

মোহামেডানের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মোহামেডান ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক, যা ক্লাবটিকে রীতিমতো বিপর্যয়ের সম্মুখীন করেছে। দলের ফলাফল আশানুরূপ না হওয়ায় ক্লাবের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা এবং অগণিত সমর্থক মর্মাহত হওয়ার পাশাপাশি গভীর অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

তাই দলকে পুনরায় ধারাবাহিক সাফল্য ও উন্নয়নের দিকে ধাবিত করতে পরিচালনা পর্ষদ গভীরভাবে গভীরভাবে বিবেচনা করে আলফাজ আহমেদকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।’ আলফাজের জায়গায় ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ আব্দুল কায়ূম সেন্টুকে। আর ক্লাবের স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবুকে দেওয়া হয়েছে টিম লিডারের দায়িত্ব।

এবি/টিএ

মন্তব্য করুন