ঢাকা লিগ নিয়ে সবশেষ যে তথ্য জানালেন নান্নু
ছবি: সংগৃহীত
০৮:৪৫ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
বিসিবির নতুন বোর্ডের অধীনে অবশেষে মাঠে গড়াতে ঢাকা লিগ। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৫ তারিখ শুরু হবে খেলা। তার আগে চলতি মাসের ২১ এবং ২২ তারিখ হতে পারে দলবদল। এবার ঢাকা লিগ নিয়ে কথা বললেন বিসিবির এডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু।
আজ গণমাধ্যমকে নান্নু বলেন, ‘ক্লাবগুলোর সাথে একটা কথাবার্তা আমাদের চূড়ান্ত পর্যায়ের মধ্যে আছে এবং এটা কালকে আমরা পুরোপুরি চূড়ান্ত করব। আগামীকালকে এটা জানানো যাবে। আমরা যেটা চিন্তাভাবনা করছি, হয় এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করবো। সবকিছুরই আপনাদেরকে শতভাগ তথ্য আগামীকালকে দেওয়া যাবে।’
‘সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্তটা নেওয়া হবে। সম্ভাব্য সেরা যে সিদ্ধান্তটা হবে, সেটাই কিন্তু নেওয়া হবে। তো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আগামীকাল আমাদের আনুষ্ঠানিকভাবে সবকিছু মাননীয় সভাপতি মহোদয় জানাবেন, তো সেই জন্য আপনাদেরকে এই সময়টা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।’

ঢাকা লিগের মাঠ নিয়ে নান্নু বলেন, ‘সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং এখন সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মাঠগুলোর মান আমরা কীভাবে নিশ্চিত করতে পারি। আমাদের একটা দল কিন্তু এটা নিয়ে কাজ করছে এবং ওরা পুরোপুরি প্রতিবেদনটা আগামীকালকে মনে হয় দিবে। তারপর সিদ্ধান্তটা নেওয়া হবে কীভাবে এগোবো।’
‘এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমাদের যে অভাব দেখা দিচ্ছে, তা হলো মাঠ। চিন্তা করে অনেক অনেক খেলা কিন্তু করা যায় না, কেননা সূচিতে সমস্যা দেখা দেয়। তাই সেইভাবে চিন্তাভাবনা করে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে।’
টিজে/টিএ