নেইমারের নতুন গন্তব্য নিয়ে বড় চমকের অপেক্ষা
ছবি: সংগৃহীত
০৯:৫৭ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
মেজর লিগ সকারের (এমএলএস) অন্যতম ক্লাব এফসি সিনসিনাটির সাথে আলোচনা আরও জোরদার করেছেন নেইমার জুনিয়র। শনিবার পর্যন্ত বিষয়টি ব্রাজিল ফরোয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার যুক্ত হয়েছেন তাঁর বাবা নেইমার সিনিয়র।
বৃহস্পতিবার প্রথমবার সিনসিনাটির সঙ্গে নেইমারের নাম জড়ায়। সে সময় বিষয়টি প্রাথমিক পর্যায়ে থাকলেও নতুন করে জানা গেছে, সিনসিনাটির কো-সিইও জেফ বার্ডিং এবং জেনারেল ম্যানেজার ক্রিস অলব্রাইটের সঙ্গে সরাসরি দেখা করার উদ্যোগ নিয়েছেন নেইমারের বাবা।
জানা গেছে, সিনসিনাটি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি দেখা করে ছেলের বেতন-ভাতা এবং ইমেজ রাইটস নিয়ে কথা বলতে আগ্রহী নেইমার সিনিয়র। তবে একটি বড় চ্যালেঞ্জ হলো, ক্লাবটির তিনজন 'ডেজিগনেটেড প্লেয়ার'-এর (যাদের বেতন নির্ধারিত সীমার বেশি হতে পারে) কোটা বর্তমানে দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছে।
নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসের সাথে এই বছরের জন্য চুক্তিবদ্ধ রয়েছেন। তবে এফসি সিনসিনাটি ২০২৬ বিশ্বকাপের পর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতেই তাকে দলে পেতে চাইছে। অন্যদিকে, ক্লাবটি নেইমারের বর্তমান চুক্তি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে ২০২৭ মৌসুমের শুরুতেও তাকে নিয়ে আসার কথা ভাবতে পারে।
বর্তমানে এফসি সিনসিনাটি ইস্টার্ন কনফারেন্সে ১০ম স্থানে রয়েছে এবং ৭ ম্যাচে মাত্র ১০টি গোল করেছে। নেইমারের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই তাদের গোলের খরা দূর করতে সাহায্য করবে। লিওনেল মেসি বা সাম্প্রতিক সময়ে অরল্যান্ডো সিটিতে যোগ দেওয়া গ্রিজম্যানের মতো নেইমারও হতে পারেন ফুটবলের অন্যতম কিংবদন্তি, যারা ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে যুক্তরাষ্ট্রের লিগকে বেছে নিয়েছেন।
ব্রাজিলের হয়ে পেলের রেকর্ড (৭৯ গোল) ভেঙে সর্বোচ্চ গোলদাতা হওয়া নেইমার কেবল তার জনপ্রিয়তা নয়, বরং মাঠের পারফরম্যান্স দিয়েও ক্লাবকে সাহায্য করতে পারেন। বিশেষ করে সিনসিনাটির বর্তমান তারকা ইভান্দারের সাথে তার জুটি বেশ কার্যকর হতে পারে। ইনজুরি কাটিয়ে গত ফেব্রুয়ারিতে মাঠে ফেরার পর নেইমার সান্তোসের হয়ে চার ম্যাচে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করে দারুণ ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
এবি/টিএ