বিকালে অনুশীলনে, সন্ধ্যায় বরখাস্ত: আলফাজ বললেন- ‘সিদ্ধান্ত মেনে নিয়েছি’
ছবি: সংগৃহীত
১০:০৪ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
প্রতিদিনের মতো আজ বিকালেও দলকে অনুশীলন করিয়েছেন আলফাজ আহমেদ। মোহামেডান স্পোর্টিং ক্লাব আঙ্গিনায় যখন মেহেদী মিঠু, মিনহাজ বাল্লু, মুজাফফরভদের অনুশীলন করাচ্ছেন, হয়ত ভাবছিলেন লিগের পরের ম্যাচে রণকৌশল নিয়ে। কিন্তু অনুশীলন শেষে বাসায় গিয়ে জানতে পারলেন তিনি আর নেই কোচের ভূমিকায়। হঠাৎ সরিয়ে দিলেও ক্লাবের সিদ্ধান্ত মেনে নিয়েছেন মোহামেডানকে ২৩ বছর পর লিগ শিরোপা জেতানো এই কোচ।
বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। তবে শিরোপা ধরে রাখার মিশনে দল গোছাতে পারেনি তারা। ক্লাব ছেড়ে একে একে চলে গেছেন সুলেমান দিয়াবাতে, ইমানুয়েল সানডে, ইমানুয়েল টনিরা। বিপরীতে সুমন রেজা, রহমত মিয়া, এলি কেকে, বার্নার্ড মরিসন, স্যামুয়েল বোয়াটেংদের দলে নিয়েছে মোহামেডান। যদিও তারা প্রত্যাশা পুরণ করতে পারেননি।
তারকা ফুটবলারদের হারানোর প্রভাব পড়েছে মোহামেডানের মাঠের খেলায়। চলতি মৌসুমে ফেডারেশন কাপে টিকে থাকলেও লিগ শিরোপা রেসে দলটি বাদ পড়েছে আরও আগেই। ১২ ম্যাচ শেষে অবনমনের শঙ্কায় মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটি। ১০ দলের লিগে ১১ পয়েন্ট নিয়ে আছে টেবিলের সাতে।

লিগের নিদারুণ পারফরম্যান্সের দ্বায়ে চাকরি থেকে ক্লাব ম্যানেজমেন্ট অব্যহতি দেয় আলফাজকে। তবে চাকরি হারালেও ক্লাবের সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানিয়েছেন মোহামেডান ও জাতীয় দলের সাবেক এই ফুটবলার, 'দল আশানুরূপ ফল দিতে পারছে না, তাই আমাকে সরিয়ে দিয়েছে। মোহামেডান বলে নয়, যে কোনো ক্লাব হলেও তাই করতো। ক্লাব তো ভালো ফল চাইবেই। ফলে তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’
২০২৩ সালে মোহামেডানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান আলফাজ। তাঁর অধীনে ২৩ বছরের খরা কাটিয়ে গত মৌসুমে লিগ শিরোপা জেতে সাদা–কালোরা। ২০২৩ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে জেতে ফেডারেশন কাপের শিরোপাও। এই মৌসুমে মাত্র দুটি লিগ ম্যাচ জিতেছে তারা। যার মধ্যে একটি আবাহনীর বিপক্ষে। তবে সর্বশেষ ম্যাচে কুমিল্লায় সেই আবাহনীর বিপক্ষে এগিয়ে গিয়েও ১-২ ব্যবধানে হারতে হয়েছে মোহামেডানকে। ওই হারের পরই হয়ত দলের বাজে পারফরম্যান্স নতুন করে আসলো সামনে, আর চাকরি হারালেন সাফজয়ী আলফাজ।
টিজে/টিএ