এশিয়ান ক্রিকেট কাউন্সিলদুই দেশ ভেটো দেয়ায় চাকরি হচ্ছে না আমিনুলের
ছবি: সংগৃহীত
১১:০০ পিএম | ১২ এপ্রিল, ২০২৬
আইসিসির চাকরি ছেড়ে গত বছরের মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ও পরে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু এনএসসি তার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয়ায় দুই মেয়াদে ১০ মাসের সেই দায়িত্বও শেষ হয়েছে।
দায়িত্ব থেকে অব্যাহতির ৫ দিনের মাথায় প্রথম আলোতে দেয়া সাক্ষাৎকারে আমিনুল জানিয়েছেন, এর মধ্যেই তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) একটি চাকরির প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু প্রভাবশালী দুটি দেশ ভেটো দেয়ার কারণে সেই চাকরিটি হয়নি। আমিনুল বলেন, ‘একটা বড় চাকরির সুযোগ এসেছিল এসসিসিতে। কিন্তু দুটো বড় বড় দেশ সেখানে ভেটো দিয়েছে। সেটা আর হয়তো হবে না।’

দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ২৫ বছরের খেলোয়াড়ি জীবন ও ২০ বছর এসিসি ও আইসিসির বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন। তিনি জানান, আপাতত একটি গবেষণা দলের হয়ে কাজ করছেন। এ প্রসঙ্গে বিসিবির সাবেক এই সভাপতি বলেছেন, ‘আমি এখন আপাতত হয়তো একটা গবেষণা দলে কাজ করব। হায়ার কনশাসনেস নিয়ে, মাইন্ডফুলনেস ইন ক্রিকেট নিয়ে গবেষণায় ঢুকব।’
এখন গবেষণার পাশাপাশি বই লিখেও সময় কাটাতে চান আমিনুল, যেখানে বিসিবি সভাপতির দায়িত্বের অভিজ্ঞতা নিয়েও বড় একটা অধ্যায় থাকবে বলে জানিয়েছেন তিনি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘অনেক তো কাজ করলাম, দেখি না এখন আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু লিখেছে। আমি রিজিকের ওপর ভরসা রাখি। গবেষণা করব, বই লিখব, সেখানে হয়তো এই অধ্যায়টাও বড় করে থাকবে।’
সাক্ষাৎকারে নিজেকে এখনও বিসিবির বৈধ সভাপতি মনে করেন আমিনুল, গত বছরের অক্টোবরে নির্বাচনে যা হয়েছে, তা বিসিবির গঠনতন্ত্র মেনেই হয়েছে বলে মনে করেন তিনি। যাদের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কমিটি ভেঙে দেয়া হয়েছে, তাদের ও বিসিবির বর্তমান অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
আইকে/টিএ