© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগ, আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবলার গ্রেপ্তার

শেয়ার করুন:
বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগ, আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবলার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৮ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
উড্ডয়নের আগে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে আর্জেন্টিনার এক ফুটবলারকে। ঘটনাটি ঘিরে সাময়িকভাবে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয় এবং তৈরি হয় আতঙ্ক ও বিশৃঙ্খলা।

গ্রেপ্তার হওয়া ফুটবলার হলেন এমিলিয়ানো এন্দ্রিজ্জি, যিনি হিমনাসিয়া ই এসগ্রিমা দে হুহুই-এর ডিফেন্ডার। দলটি বুয়েন্স এইরেস-আগ্রোপেকুয়ারিও-এর বিপক্ষে দ্বিতীয় বিভাগের নবম রাউন্ডের ম্যাচ খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

হুমকির পরপরই বিমানবন্দরের নিরাপত্তা প্রটোকল সক্রিয় করা হয়। বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী দল বিমান ও সংশ্লিষ্ট স্থাপনায় তল্লাশি চালায়। তবে কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি।



বিস্ফোরক না মিললেও এই ঘটনার কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রাপথে বিঘ্ন ঘটে। একইসঙ্গে দলের ম্যাচ প্রস্তুতিতেও প্রভাব পড়ে।

৩২ বছর বয়সী এন্দ্রিজ্জি ২০২৩ সাল থেকে ক্লাবটির হয়ে খেলছেন এবং দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিচিত। তার অনুপস্থিতি দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে দলটি প্রিমেরা নাসিওনাল-এ খেলছে এবং প্রমোশন প্লে-অফে জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছে। ফলে প্রতিটি ম্যাচই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরআই/টিকে

মন্তব্য করুন