১৭ মিনিটে ৩ গোল, চেলসিকে উড়িয়ে ম্যানচেস্টার সিটির জয়
ছবি: সংগৃহীত
০১:১৮ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ শিরোপার দৌড় আরও সহজ হলো। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ৩-০ ব্যবধানে হারিয়ে তারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে কমিয়ে এনেছে।
শনিবার বোর্নমাউথের কাছে আর্সেনাল পরাজিত হয়ে ১২ পয়েন্টের ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়। তাতে পেপ গার্দিওলার দল নিজেদের ভাগ্য নিজেদের হাতে নেওয়ার সুযোগ পায়। পশ্চিম লন্ডনে প্রথমার্ধটা ম্যাড়ম্যাড়ে কেটেছে। বিরতির পর ম্যানসিটি চেলসিকে খড়কুটোর মতো উড়িয়ে দেয়।

মাত্র ১৭ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে সিটি লিগ লিডারদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করল। ম্যাচের ৫০ মিনিটে নিকো ও'রাইলি গোলের ধারাবাহিকতা ধরে রেখে ডেডলক ভাঙেন। এরপর মার্ক গেহি ক্লাবের হয়ে নিজের প্রথম লিগ গোলটি করেন। সবশেষে মোয়াসেস কাইসেদোর এক মারাত্মক ভুলের সুযোগ নিয়ে জেরেমি ডোকু গোল করলে চেলসির পরাজয় নিশ্চিত হয়।
আর্সেনালের ফর্ম যখন নিচের দিকে, সিটি ঠিক তখনই তাদের সেরা ছন্দে ফিরেছে। চেলসি এই ম্যাচে তাদের লন্ডন প্রতিবেশী আর্সেনালের জন্য কোনো সুবিধাই করে দিতে পারেনি। বরং আরও শক্তিশালী ও নিখুঁত প্রতিপক্ষের সামনে তারা ভেঙে পড়ে। এই হারে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশাও গুরুত্বর সংশয়ের মুখে পড়েছে।
৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এক নম্বরে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। চেলসি ৩২ ম্যাচ খেলে ৪৮ পয়েন্টে ষষ্ঠ।
আগামী সপ্তাহে ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালকে হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখেই পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনবে সিটি। হয়তো সেই ম্যাচে নির্ধারণ হয়ে যাবে কার হাতে উঠছে শিরোপা।
আরআই/টিকে