যশোরে ক্ষত নিয়ে হাসপাতালে হাজির হনুমান, নিজেই খাওয়ার চেষ্টা করে ওষুধ!
ছবি: সংগৃহীত
০২:০৯ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
যশোরের ঝিকরগাছায় চিকিৎসা নিতে নিজেই পশু হাসপাতালে এসে হাজির হয়েছে একটি আহত হনুমান। রোববার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ প্রাণিটির চিকিৎসা দেন।
চিকিৎসার নেয়ার কয়েকটি ছবি এদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনা অনেকেকেই হতবাক করেছে। অন্যদিকে রক্তাক্ত অবলা প্রাণীকে চিকিৎসা দেয়ায় প্রশংসায় ভাসছেন চিকিৎসকেরা।
প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আখতার জানান, কেউ ধারাল অস্ত্র দিয়ে হনুমানটির শরীরের পেছনের অংশে আঘাত করে। এরপর থেকেই প্রাণিটি চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। এর আগে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানাতেও গিয়েছিল বলে জানা গেছে।
তিনি আরও জানান, হাসপাতালে এসে প্রথমে হনুমানটি চিকিৎসা শেডের একটি টেবিলে বসে। পরে ফার্মেসি কক্ষে ঢুকে বিভিন্ন ওষুধের বোতল খুলে গন্ধ নেয় এবং কিছু খাওয়ারও চেষ্টা করে। পরে চিকিৎসা দেয়ার সময় আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে যায় এবং কোনো ধরনের বাধা দেয়নি। চিকিৎসকরা ক্ষতস্থানে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেন।
হনুমানটির আচরণ ছিল অনেকটা বাকপ্রতিবন্ধী মানুষের মতো। সে যেন নিজেই বুঝিয়ে দিচ্ছিল তার চিকিৎসা প্রয়োজন।
এসকে/টিএ