© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪৬২ রানের ম্যাচে মুম্বাইকে হারাল বেঙ্গালুরু

শেয়ার করুন:
৪৬২ রানের ম্যাচে মুম্বাইকে হারাল বেঙ্গালুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫২ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
আইপিএল ২০২৬-এর ২০তম ম্যাচে দাপুটে পারফরম্যান্সে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে জয়ে ফিরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাটিং-বোলিং মিলিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে এই জয় তুলে নেয় তারা।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে শুরু থেকেই সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন আরসিবির ওপেনার ফিল সল্ট। মাত্র ৩৬ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৬টি ছক্কা। অন্যদিকে, বিরাট কোহলি ধীরস্থির ব্যাটিংয়ে ৩৮ বলে করেন ৫০ রান, যা তার আইপিএল ক্যারিয়ারের ৬৫তম অর্ধশতক। দু'জনের ১২০ রানের জুটি দলকে শক্ত ভিত এনে দেয়।

এরপর অধিনায়ক রজত পাটিদার মাত্র ২০ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ দিকে টিম ডেভিডের অপরাজিত ৩৪ রানে ভর করে ৪ উইকেটে ২৪০ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে আরসিবি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই। রোহিত শর্মা চোট পেয়ে অবসর নেন। রায়ান রিকেলটন ৩৭ রান করলেও সুয়াশ শর্মার জোড়া আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আরসিবি।

মাঝের ওভারগুলোতে ক্রুনাল পান্ডিয়ার নিয়ন্ত্রিত বোলিং ছিল গুরুত্বপূর্ণ। তিনি সূর্যকুমার যাদবকে আউট করে ম্যাচ ঘুরিয়ে দেন। শেষদিকে শেরফানে রাদারফোর্ড ৩১ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি।
শেষ পর্যন্ত ৫ উইকেটে ২২২ রানে থামে মুম্বাই। আর তাতে ১৮ রানের জয় তুলে নিয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট অর্জন করে আরসিবি। ৪ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে বেঙ্গালুরু। সমান ম্যাচে মাত্র ১ জয়ে আট নম্বরে মুম্বাই।

এবি/টিএ

মন্তব্য করুন