© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে বিশেষ অভিযানে ছাত্রলীগের এক কর্মীসহ গ্রেপ্তার ১০

শেয়ার করুন:
চট্টগ্রামে বিশেষ অভিযানে ছাত্রলীগের এক কর্মীসহ গ্রেপ্তার ১০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২০ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের পটিয়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুইজনের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পটিয়া থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে ১৮ ও ১৯ এপ্রিল রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ভাটিখাইন ইউনিয়নের করল এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে অভিযান চালিয়ে আবদুল মাবুদ (৫০) নামের এক ব্যক্তিকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

একই রাতে কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ায় অভিযান চালিয়ে কুতুব উদ্দিন (৩৫) নামের আরেকজনকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

এদিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জোবায়ের ইবনে আলম হামীম (২০)কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া পৃথক অভিযানে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার ২ জন জিআর পরোয়ানাভুক্ত ও ৩ জন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পুরোনো চুরি মামলার আরও ২ জন আসামিকেও আটক করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস ও চুরি-ডাকাতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন