ভূমি বরাদ্দ কমিটির সভা, কৃষিজমি রক্ষায় সতর্কতার নির্দেশ
ছবি: সংগৃহীত
০৪:৩৮ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
ভূমি মন্ত্রণালয়ে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সভাপতিত্ব করেন। সভায় কৃষিজমি রক্ষায় সতর্কতার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি স্টেশন (১২টি নতুন এবং ৮টি পুনর্নির্মাণ) স্থাপন প্রকল্পের আওতায় গাজীপুর জেলার সদর উপজেলাধীন দক্ষিণখান মৌজায় পূবাইল-গাজীপুর ফায়ার স্টেশনের জন্য এক একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়।
এছাড়া ‘ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ’ প্রকল্পের জন্য ১২.১৪৭১ একর এবং ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প’-এর ৪র্থ পর্যায়ে ঢাকা জেলার উত্তরা ও সাভার উপজেলার ১৪টি মৌজায় ১৩.৪৪৪৮ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় মন্ত্রী বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়নের জন্য বৃহৎ প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ ক্ষেত্রে জনগণের দুর্ভোগ কমিয়ে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে কাজ করতে হবে।
একইসঙ্গে কৃষিজমি সংরক্ষণে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।’
এদিকে জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন জেলার ৫০ বিঘার ঊর্ধ্বের একাধিক অধিগ্রহণ প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন’ প্রকল্পের আওতায় সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন মৌজায় মোট প্রায় ৫৩.৮৩৯৩ একর জমি অধিগ্রহণের প্রস্তাব রয়েছে।
এছাড়া ‘সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের আওতায় সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন মৌজায় প্রায় ২৬.৭৯০৭ একর এবং ‘দাউদকান্দি-গোয়ালমারী-শ্রীরামেরচর (কুমিল্লা)-মতলব উত্তর (ছেঙ্গারচর) জেলা মহাসড়ক উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মোট ৩.৫৫৪০ একর জমি অধিগ্রহণের প্রস্তাবও সুপারিশ করা হয়েছে।
টিজে/টিএ