হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানকে নির্দেশনা
ছবি: সংগৃহীত
১১:৩৯ এএম | ২০ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিতে ইরানের কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তুরস্কে আন্তালিয়া ফোরামের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের সঙ্গে সাক্ষাতের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়।
সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল সহজতর করার জন্য তার মধ্যস্থতা ব্যবহারের অনুরোধ জানান।
খলিলুর রহমান বলেন, হরমুজ পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় ইরান যখন বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে, তখন আমরা অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন এবং রোববার রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলের ক্রমবিকাশমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী চলমান ঘটনাবলির বিষয়ে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সব পক্ষের সংযম, সংলাপ ও কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনের গুরুত্বের ওপর জোর দেন।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে তেহরান সফর করবেন।
এমআর/টিকে