© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে আজ যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

শেয়ার করুন:
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে আজ যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৬ এএম | ১৭ নভেম্বর, ২০২৬
নানা প্রতিকূলতা ও দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে যুক্ত করা হতে পারে এ ইউনিটের বিদ্যুৎ।

এ সময় গ্রিডে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান পরীক্ষামূলক সংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, ‘জাতীয় গ্রিডে যুক্ত করার অর্থ এই নয় যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে।’

এ সংযোগের মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর প্রকল্পটি পারমাণবিক স্থাপনার স্বীকৃতি পায়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সংযোগের পর গ্রিড থেকে লাইন বিচ্ছিন্ন করে কেন্দ্রের কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা চালানো হবে। এরপর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ চূড়ান্তভাবে গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে।

উৎপাদন ও কারিগরি প্রক্রিয়া

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতিমধ্যে রিঅ্যাক্টর ও টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাই সফলভাবে সম্পন্ন হয়েছে।

পারমাণবিক জ্বালানির তাপশক্তিতে উৎপন্ন বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে শুরুতে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে। ধাপে ধাপে উৎপাদনক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। তবে পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে এবং এরপরই শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।

সংশ্লিষ্টদের প্রস্তুতি ও আইএইএর সন্তোষ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, জাতীয় গ্রিড সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সংযোগের সময় পিডিবির প্রতিনিধি উপস্থিত থাকবেন। বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ‘সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই গ্রিডে চূড়ান্ত সংযোগের অনুমোদন দেওয়া হবে।

এদিকে গতকাল সোমবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ দল। সংস্থাটির ‘জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন’-এর সরেজমিন পরিদর্শন শেষে এ মূল্যায়ন জানানো হয়।

একেএস

মন্তব্য করুন