রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা আড়াল করতেই ছাত্রদলকে মাঠে নামিয়েছে সরকার: ডাকসু ভিপি
ছবি: সংগৃহীত
০১:৩৮ এএম | ২৪ এপ্রিল, ২০২৬
সরকারের ব্যর্থতা আড়াল করতেই ছাত্রদলকে মাঠে নামানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
তিনি বলেন, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তীব্র লোডশেডিংসহ বিভিন্ন কারণে জনজীবন যখন চরম দুর্ভোগে, তখন পরিকল্পিতভাবে ছাত্রদলকে সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।
আবু সাদিক কায়েম অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে সহিংসতা চালাচ্ছে। শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ভুয়া স্ক্রিনশট তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর মতো ঘটনা ঘটছে।
তার দাবি, এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে সংগঠিত হচ্ছে। তিনি বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, গেস্টরুম ও গণরুম সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে সরকারের ধারাবাহিক ব্যর্থতা আড়াল করার লক্ষ্যেই এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনা এবং অস্ত্রের মহড়া লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন অপতৎপরতা চালানো হয়েছে এবং শেষ পর্যন্ত ভুয়া স্ক্রিনশটের আশ্রয় নেওয়া হয়েছে।
একটি ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ইতোমধ্যে স্ক্রিনশটটিকে ভুয়া বলে নিশ্চিত করেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থী নিরাপত্তা চেয়ে থানায় গেলে ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন কর্মীসহ ডাকসু ও হল সংসদের প্রতিনিধিদের শাহবাগ থানায় অবরুদ্ধ করে হামলা চালানো হয়। এতে একাধিক শিক্ষার্থী মারধর ও হেনস্তার শিকার হয়েছেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। গত দুই দিনে অন্তত ১৬ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন ডাকসু ভিপি।
দেশে ও শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বিএনপি নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় বর্তমান পরিস্থিতি ভবিষ্যতে আরও জটিল আকার ধারণ করতে পারে বলেও তিনি সতর্ক করেন।
ইউটি/টিএ