© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরিচালকের কাছে ধমক, কেন খাবার খাওয়া বন্ধ করেন আমির খান?

শেয়ার করুন:
পরিচালকের কাছে ধমক, কেন খাবার খাওয়া বন্ধ করেন আমির খান?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১০ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানকে ঘিরে শুটিং সেটের এক অজানা ঘটনা নতুন করে আলোচনায় উঠে এসেছে। বহু বছর আগে সুপারহিট ছবি লাগান-এর সময় ঘটে যাওয়া সেই অভিজ্ঞতার কথা সম্প্রতি নিজেই শোনালেন তিনি, যা শুনে চমকে গেছেন অনুরাগীরাও।

ভারতীয় সিনেমার ইতিহাসে বিশেষ জায়গা করে নেওয়া এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও সামলেছিলেন আমির। পরিচালনায় ছিলেন আশুতোষ গোয়ারিকর। বিশাল আয়োজনে তৈরি এই ছবির সেটে শতাধিক কলাকুশলী কাজ করতেন, আর তাদের সময়সূচি সামলানোর দায়িত্ব ছিল সহকারী পরিচালকদের ওপর।



এই সহকারী পরিচালকদের মধ্যেই ছিলেন রিমা কাগতি। শুটিংয়ের প্রতিটি মুহূর্ত যেন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী চলে, সে দিকেই কড়া নজর ছিল তার। কে কখন শুটিংয়ে আসবেন, কখন প্রস্তুতি নেবেন কিংবা কখন খাবেন সব কিছুই ছিল সময়মতো নির্ধারিত।

আমিরের স্বভাব ছিল ধীরে-সুস্থে কাজ করা, বিশেষ করে খাওয়ার সময় তিনি একটু বেশি নিতেন। তাই তিনি অনুরোধ করেছিলেন, শটের কিছুটা আগে যেন তাকে ডাকা হয়। কিন্তু সেই অনুরোধে রাজি হননি রিমা। বরং স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, একজনের সুবিধার জন্য পুরো ইউনিটের সময়সূচি বদলানো সম্ভব নয়।

পরিস্থিতি আরও তীব্র হয় যখন আমির নিজের প্রযোজকের পরিচয় সামনে এনে কিছুটা ছাড় পাওয়ার ইঙ্গিত দেন। কিন্তু তাতেও নড়েননি রিমা। তিনি সোজাসাপটা জানিয়ে দেন, সেটে সবাই সমান সময় মেনে চলতেই হবে। এই কড়া অবস্থানে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন আমির।

ঘটনার জেরে রাগে-অভিমানে তিনি ঘোষণা করেন, তিনি আর জলখাবার খাবেন না। যদিও তাতেও রিমার প্রতিক্রিয়া ছিল নির্লিপ্ত তার মতে, এতে অন্তত সময়মতো উপস্থিত থাকা নিশ্চিত হবে। এই অভিজ্ঞতা থেকেই বোঝা যায়, শুটিং সেটে নিয়মের বাইরে কোনও তারকার জন্য আলাদা সুবিধা ছিল না।

পরবর্তীকালে অবশ্য সময়ের সঙ্গে সম্পর্কের দূরত্ব কমে। একই পরিচালকের সঙ্গে আবারও কাজ করেন আমির। তবু এই ছোট্ট ঘটনা আজও স্মৃতিতে রয়ে গেছে, যা আজও হাসির ছলেই শোনান তিনি।

পিআর/টিকে

মন্তব্য করুন