এবার নতুন পরিচয়ে আরশ খান
ছবি: সংগৃহীত
০৮:১৯ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান এবার নতুন পরিচয়ে হাজির হলেন। অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি। ‘হিজ অ্যান্ড হেয়ার সেলুন’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন এই অভিনেতা।
আজ (২৫েএপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে আরশ খান লিখেছেন, অনেক দিনের ইচ্ছা ছিল নিজের একটি ব্যবসা থাকবে। অবশেষে ছোট পরিসরে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি। নতুন প্রতিষ্ঠান ‘হিজ অ্যান্ড হেয়ার সেলুন’র মাধ্যমে যাত্রা শুরু করেছেন বলে জানান।
আরশ আরও বলেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কথা বিবেচনায় রেখে সেলুনের মূল্য তালিকা নির্ধারণ করেছেন। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক মূল্য রাখার চেষ্টা করেছেন তিনি।
সবশেষে সবার কাছে দোয়া চেয়ে এই অভিনেতা বলেন, যেন তিনি সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারেন।

এদিকে নতুন এই উদ্যোগের খবর পেয়ে সহকর্মী ও ভক্তদের কাছ থেকে শুভকামনায় ভাসছেন আরশ। মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আরশ খান। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আমার বিরহে অভ্যস্ত হইও না’ ও ‘শ্রাবণের রূপকথা’ নাটক। পাশাপাশি ওটিটি মাধ্যমেও কাজ করছেন তিনি। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া তার ‘আতকা’ সিরিজটিও দর্শকমহলে সাড়া ফেলেছে।
পিআর/টিকে