স্ত্রীর মন জয় করাই জরুরি, কারণ দল তো মানুষ চাইলে বদলে নিতে পারে: রাঘব চাড্ডা
ছবি: সংগৃহীত
০৯:৩১ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
রাজনীতি ও বিনোদনের অদ্ভুত মেলবন্ধনে ফের ভাইরাল এক পুরনো মুহূর্ত। প্রাক্তন আপ নেতা রাঘব চাড্ডার দলবদলের পর হঠাৎ করেই নতুন করে আলোচনায় উঠে এসেছে কৌতুকশিল্পী কপিল শর্মার এক মন্তব্য, যা এখন অনেকের কাছেই যেন ‘ভবিষ্যদ্বাণী’ মনে হচ্ছে।
ঘটনার সূত্রপাত একটি জনপ্রিয় বিনোদন অনুষ্ঠানে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঘব চাড্ডা ও তার স্ত্রী পরিণীতি চোপড়া। কথোপকথনের মাঝেই কপিল মজার ছলে রাঘবকে প্রশ্ন করেছিলেন, নির্বাচন জেতা কঠিন, নাকি স্ত্রীর মন জয় করা। উত্তরে রাঘব রসিকতা করে বলেছিলেন, নির্বাচন তো কয়েক বছরে একবার জিতলেই হয়, কিন্তু স্ত্রীর মন জয় করতে হয় প্রতিনিয়ত।

এই জবাবের পরেই কপিলের মন্তব্যেই এখন ফিরছে আলো। তিনি হাসতে হাসতে বলেন, স্ত্রীর মন জয় করাই জরুরি, কারণ দল তো মানুষ চাইলে বদলে নিতে পারে। সেই সময় কথাটি নিছক হাসির জন্য বলা হলেও, এক বছর পর রাঘবের রাজনৈতিক সিদ্ধান্ত সামনে আসতেই সেই সংলাপ নতুন অর্থ পাচ্ছে।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দল বদলের ঘোষণা দেন রাঘব চাড্ডা। আর তারপর থেকেই সামাজিক মাধ্যমে তাকে ‘সুবিধাবাদী’ আখ্যা দিয়ে কটাক্ষ করা হচ্ছে। সেই সঙ্গে পুরনো ভিডিওটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে নানা প্ল্যাটফর্মে। অনেকেই মজা করে লিখছেন, কপিল যেন আগেই বুঝতে পেরেছিলেন ভবিষ্যতের ইঙ্গিত।
এই বিতর্কে ছাড় পাননি পরিণীতি চোপড়াও। তার সামাজিক মাধ্যমের পাতায়ও দেখা গেছে নানা প্রতিক্রিয়া। কেউ কেউ সরাসরি মন্তব্য করেছেন, আবার কেউ রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক টেনে এনে প্রশ্ন তুলেছেন।
সব মিলিয়ে, একটি হালকা মজার মন্তব্য কীভাবে সময়ের সঙ্গে বাস্তবের সঙ্গে মিলে গিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়, তারই উদাহরণ হয়ে উঠেছে এই ঘটনা। বিনোদনের মঞ্চে বলা সংলাপ এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু।
পিআর/টিকে