যুক্তরাষ্ট্রে নিহত জামিলের সঙ্গে মায়ের সবশেষ কী কথা হয়েছিল ?
ছবি: সংগৃহীত
০২:২৫ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের শৈশব কাটে ঢাকার মাওনা এলাকায়। তার বাল্যবন্ধু জসিম উদ্দিন জানায়, ছোটবেলা থেকেই জামিল ছিল অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের। বর্তমানে তার পরিবার ঢাকার অন্য একটি স্থানে বসবাস করছেন বলে জানায় সে।
শনিবার (২৫ এপ্রিল) নিহত জামিলের বাবার পৈতৃক ভিটা মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের মহিষবাতান এলাকার নলডোবা গ্রামে গিয়ে কথা হয় তার চাচা জিয়াউল হকের সঙ্গে। তিনি জানান, বহু বছর আগে তারা গ্রাম ছেড়ে ঢাকায় চলে গেছে। মাঝে মধ্যে তাদের সঙ্গে ফোনে কথা হতো।
মোবাইলে কথা হয় জামিলের মা লুৎফুন নেছার সঙ্গে। তিনি বলেন, তার দুই ছেলের মধ্যে জামিল আহামেদ লিমন বড়। তার ছোট ছেলে জোবায়ের। তার বাবা জহুরুল হক ঢাকা গাজীপুরে বেসরকারি সংস্থায় চাকরি করে। ছেলে জামিলের সঙ্গে মায়ের শেষ কথা হয়েছিল গত পহেলা বৈশাখে। শোকাহত মা জানান, সেদিন সকালে ছেলে জামিল ফোন করে জানতে চায় মা তুমি পান্তা-ইলিশ খেয়েছো কিনা।
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, জামিল পড়াশোনার খুব চাপে থাকত, তেমন কথা হতো না। বাংলা নববর্ষের সকালে ফোন দিয়ে শুধু জানতে চাইলো, আমি পান্তা-ইলিশ খেয়েছি কিনা। তিনি জানান, তার জানা মতে জামিলের সঙ্গে কারো কোনও শত্রুতা ছিলো না। ছেলে হারানোর শোকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এর চেয়ে বেশি কিছু বলার শক্তি হারিয়ে ফেলেন তিনি।
নিহত জামিলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা প্রকাশ করতে চান না। একইসঙ্গে জামিলের বাবা জহুরুল হকও গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন তার মা। জামিলের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এবি/টিএ