সকালের মধ্যেই দেশের ৪ জেলায় ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা
ছবি: সংগৃহীত
০২:৪২ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
বৈশাখের মাঝামাঝি সময়ে এসে তাপমাত্রার পারদ উঠেছে ৩৮ ডিগ্রিতে। সেই সঙ্গে দিনের বেলায় ‘কয়লাপোড়া’ রোদে সর্বত্রই নাকাল জনজীবন। তবে তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৬ এপ্রিল) সকালের মধ্যেই দেশের ৪ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ৯টা থেকে রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌঁ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রংপুরে ১৭ মিলিমিটার ছাড়াও নীলফামারীর রাজারহাটে ১০, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮, সিলেটে ৬, নেত্রকোণায় ৪ ও নীলফামারীর সৈয়দপুরে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অন্যদিকে শনিবার সন্ধ্যায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আগামী ৫ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি বর্ধিত ৫ দিনে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এমআর/টিএ