ডাব চুরি করতে গিয়ে গাছেই সাড়ে ৩ ঘণ্টা যুবক, নামাতে পারেনি ফায়ার সার্ভিসও
ছবি: সংগৃহীত
০৩:৫১ পিএম | ০৬ নভেম্বর, ২০২৬
ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের চোখে পড়তেই বিপত্তি। ধরা পড়ার ভয়ে আর নামতে সাহস পাচ্ছিলেন না তিনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও কোনো কৌশলেই তাকে নামানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিজেই গাছ থেকে নেমে আসেন ওই যুবক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে জামালপুর শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে গাছ থেকে নিচে নামেন ওই যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক জামালপুর শহরের বাসিন্দা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তিনি টিক্কাপট্টি এলাকার একটি নারকেলগাছে ওঠেন। এ সময় স্থানীয় কয়েকজনের নজরে পড়েন তিনি। লোকজন এগিয়ে এলে গাছ থেকে নামতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে গাছের ওপরের অংশে বসে থাকেন।
পরে রাত ১০টার দিকে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। নানা কৌশলে নিচে নামানোর চেষ্টা করা হয়। এমনকি গাছ থেকে নেমে এলে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়।
তবে যুবকের ভয় ছিল, নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। এ আশঙ্কায় বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি গাছ থেকে নামতে রাজি হননি। এভাবে দীর্ঘ সময় গাছের ওপরেই অবস্থান করেন তিনি।
জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তার ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। অনেক বুঝিয়েও তাকে নামানো যাচ্ছিল না। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন।
তিনি আরও বলেন, যুবকটি অনেক ভয় পেয়েছিলেন। পরে মানবিক বিবেচনায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এফআর/