বলিউডের এমন এক গায়ক, যার গান শুনেই মুগ্ধ হয়ে ১০০ টাকা দিয়েছিলেন জয়া
ছবি: সংগৃহীত
১০:১৬ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
বলিউডের সংগীতজগতে বহু কিংবদন্তি কণ্ঠ অমিতাভ বচ্চনের পর্দার উপস্থিতিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। কিশোর কুমার, মহম্মদ রফির মতো গায়কদের কণ্ঠে দর্শক বারবার নতুন করে আবিষ্কার করেছেন এই তারকাকে। তবে সেই দীর্ঘ তালিকায় এমন একজন গায়কের নাম আলাদা করে উঠে আসে, যার কণ্ঠ শুনে মনে হতো যেন অমিতাভ নিজেই গান গাইছেন। আর সেই কণ্ঠেই মুগ্ধ হয়ে একসময় নিজের পার্স থেকে পুরস্কার হিসেবে ১০০ টাকা তুলে দিয়েছিলেন জয়া বচ্চন।
এই গায়ক সুদেশ ভোসলে। আশির দশকে বলিউডে নিজের জায়গা তৈরি করার লড়াই শুরু করেছিলেন তিনি। ১৯৮৮ সালে বাপ্পি লাহিড়ীর হাত ধরে একটি ছবিতে প্রথম বড় সুযোগ পান। সেই ছবিতে তার গাওয়া গানগুলো জনপ্রিয় হলেও প্রত্যাশিত পরিচিতি আসেনি। এরপর টানা দুই বছর প্রায় কোনও কাজ পাননি তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় পরিস্থিতি।
সুদেশ ভোসলের বিশেষত্ব ছিল তার কণ্ঠে অন্য অভিনেতার স্বর নকল করার অসাধারণ ক্ষমতা। একদিন শশী কপুরের সামনে অমিতাভ বচ্চনের কণ্ঠ নকল করে গান শোনান তিনি। সেই পরিবেশনায় মুগ্ধ হয়ে শশী তাকে নিজের প্রযোজিত ছবিতে গান গাওয়ার সুযোগ করে দেন। সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়।
ক্রমে একের পর এক ছবিতে অমিতাভ বচ্চনের জন্য কণ্ঠ দেন সুদেশ ভোসলে। তার গাওয়া গানগুলো এতটাই বাস্তব মনে হতো যে অনেকেই ভাবতেন, যেন অমিতাভ নিজেই গান গাইছেন। বিশেষ করে একাধিক জনপ্রিয় ছবিতে তার কণ্ঠ দর্শকের মনে আলাদা ছাপ ফেলে।

তবে একটি ঘটনার কথা আজও স্মরণীয় হয়ে আছে। একটি ছবির গানের রেকর্ডিং চলাকালীন স্টুডিওতে উপস্থিত ছিলেন জয়া বচ্চন। সেই সময় সুদেশ যখন গানটি গাইছিলেন, তার কণ্ঠে অমিতাভের ছায়া এতটাই স্পষ্ট ছিল যে জয়া বচ্চন মুগ্ধ হয়ে যান। গান শেষ হতেই তিনি নিজের পার্স থেকে ১০০ টাকার একটি নোট বের করে সুদেশকে পুরস্কার হিসেবে দেন।
এই ছোট্ট ঘটনাই যেন প্রমাণ করে, প্রতিভা কখনও অদেখা থাকে না। কখনও তা বড় স্বীকৃতির আগে ছোট ছোট মুহূর্তেই ধরা দেয়, যা পরে হয়ে ওঠে এক শিল্পীর জীবনের স্মরণীয় অধ্যায়।
পিআর/টিকে