© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৭ বছর পর ফিরতে পারে ‘তাল ২’-এর সিক্যুয়েল

শেয়ার করুন:
২৭ বছর পর ফিরতে পারে ‘তাল ২’-এর সিক্যুয়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৫ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
ভারতীয় সিনেমার কালজয়ী সংগীতনির্ভর ছবি ‘তাল’ আবারও ফিরতে পারে বড় পর্দায় এমন ইঙ্গিত দিলেন পরিচালক সুভাষ ঘাই। প্রায় ২৭ বছর পর এই জনপ্রিয় ছবির সিক্যুয়েল নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দর্শকমহলে।

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাল’ শুধু গল্প নয়, তার সংগীত ও আবেগঘন উপস্থাপনার জন্যও দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। ছবিটিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন, অক্ষয় খান্না এবং অনিল কাপুর। সেই সময় থেকেই ছবিটি হয়ে ওঠে একটি সাংস্কৃতিক আলোচনার বিষয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুভাষ ঘাই জানান, ‘তাল ২’-এর চিত্রনাট্য প্রায় প্রস্তুত। তার কথায়, দীর্ঘদিন ধরে দর্শকরা এই ছবির সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করে আসছেন। এমনকি নতুন প্রজন্মও এখন এই ছবিকে নতুনভাবে দেখতে আগ্রহী।



পরিচালক আরও জানান, গল্পের মূল শক্তি বজায় রাখাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার মতে, প্রথম ‘তাল’ ছবির সফলতার পেছনে ছিল চরিত্রগুলোর সততা ও সরলতা, যা পর্দায় স্বাভাবিকভাবে ফুটে উঠেছিল। সেই একই আবেগ ও বিশুদ্ধতা ধরে রাখার চেষ্টা করছেন তিনি।

তবে কাস্টিং নিয়ে এখনো কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি। তিনি ইঙ্গিত দিয়েছেন, সঠিক সময় ও সঠিক শিল্পী নির্বাচনই এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীত অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, ভুল কাস্টিং অনেক সময় ভালো গল্পকেও দুর্বল করে দিতে পারে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টেও সুভাষ ঘাই দর্শকদের প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আজকের প্রজন্ম কি আবারও ‘তাল’-এর মতো একটি গল্প গ্রহণ করবে? সেই প্রশ্নই এখন ঘুরছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।

সব মিলিয়ে, ‘তাল ২’ ঘিরে আপাতত নিশ্চিত কিছু না থাকলেও পরিচালকের বক্তব্যে নতুন সম্ভাবনার দরজা খুলেছে বলেই মনে করা হচ্ছে।

পিআর/টিকে

মন্তব্য করুন