‘এটা আমাদেরই গল্প’-এর শেষ পর্বে এসে দর্শকের চাহিদা পূরণ করলেন নির্মাতা
ছবি: সংগৃহীত
০৪:৩৭ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
দর্শকদের আবেগে ভাসিয়ে শেষ হতে চলেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। এখন পর্যন্ত ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে, আর এর মধ্যেই পারিবারিক গল্পনির্ভর এই নাটকটি পৌঁছে গেছে তুমুল জনপ্রিয়তার শিখরে।
মূলত পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই নাটকে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব এবং মমত্ববোধের গল্প। মোট ৫২ পর্বে এর ইতি টানা হবে এই জনপ্রিয় সিরিজটির।
নাটকে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামির চরিত্রে খায়রুল বাসার, মেহরীন চরিত্রে কেয়া পায়েল এবং সায়রা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে একটি বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট, তবে দর্শকদের অনুরোধ ছিল সময় বাড়ানোর। টেলিভিশনের সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা ও স্পন্সর সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে সেটি সম্ভব হয়নি।
তিনি বলেন, দর্শকদের যে আক্ষেপ ছিল, তা মেগা এপিসোডের মাধ্যমে কিছুটা হলেও পূরণের চেষ্টা করা হচ্ছে। শেষ পর্বে দেড় ঘণ্টার বেশি সময় ধরে গল্পের পূর্ণাঙ্গ সমাপ্তি দেখানো হবে।
পারিবারিক নাটকে আবেগ ও সম্পর্কের টানাপোড়েন হারিয়ে যাচ্ছে—এমন অভিযোগ দীর্ঘদিনের। তবে এই ধারণাকে অনেকটাই বদলে দিয়েছে চ্যানেল আইয়ের এই ধারাবাহিক। পারিবারিক মেলবন্ধন, সম্পর্কের উষ্ণতা ও বাস্তব জীবনের আবেগঘন গল্পের কারণে নাটকটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আইয়ে প্রচার শুরু হয় ‘এটা আমাদেরই গল্প’। টেলিভিশনের পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রতিটি পর্ব প্রকাশ করা হয়েছে, যা দুই মাধ্যমেই নাটকটিকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে।
এসএ/এসএন